আজই মুক্তি পাচ্ছেন সু চি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, দীর্ঘদিন ধরে গৃহবন্দী অং সান সু চি আজ শনিবারই মুক্তি পেতে পারেন। দেশটির জান্তা কর্তৃপক্ষ তাঁর মুক্তিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে গণতন্ত্রের দাবিতে সংগ্রাম চালিয়ে যাওয়া শান্তিতে নোবেলজয়ী সু চি গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দী রয়েছেন। আজ শনিবার তাঁর সর্বশেষ গৃহবন্দিত্ব আদেশের মেয়াদ শেষ হচ্ছে।আদেশে সইয়ের খবর শোনা গেলেও সু চির মুক্তির সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।গত দুই দশকে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মতোই নিপীড়নের মুখেও শান্তিপূর্ণ প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছেন মিয়ানমারের (সাবেক বার্মা) স্বাধীনতা আন্দোলনের নায়ক জেনারেল অং সানের কন্যা সু চি। এখন তাঁর বয়স ৬৫।সু চি মুক্তি পেতে পারেন—এ আশায় সমর্থকেরা গতকাল শুক্রবার তাঁর নিষিদ্ধঘোষিত দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দপ্তরের সামনে ভিড় করেন। তাঁর বাড়ির আশপাশের এলাকাসহ ইয়াঙ্গুনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে সরকারি একজন কর্মকর্তা গতকাল শুক্রবার বলেন, ‘সু চিকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত।’ আরেক কর্মকর্তা বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে।’সু চির আইনজীবী নিয়ান উইন গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আর একটি দিনও সু চিকে আটকে রাখার মতো আইনি ভিত্তি নেই। শনিবার তাঁর সাজার মেয়াদ শেষ হচ্ছে। আশা করি তাঁকে মুক্তি দেওয়া হবে।’ তিনি বলেন, দেশের স্বার্থেই সু চিকে মুক্তি দিতে হবে।’ তিনি জানান, মুক্তি পেলে সু চি তাঁর নিষিদ্ধঘোষিত দল এনএলডিকে সহায়তা করবেন। ৭ নভেম্বরের নির্বাচনে জালিয়াতির বিষয়টিও তুলে ধরবেন তিনি। ওই নির্বাচনে সুচির দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি।বন্দিত্বের শুরু: ১৯৮৯ সালে সামরিক শাসন জারি করে সু চিকে গৃহবন্দী করে সামরিক জান্তা। পরের বছর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে তাঁর দল এনএলডি জয়লাভ করলেও জান্তা ক্ষমতা হস্তান্তর করেনি। এরপর কয়েক মেয়াদে প্রায় ১৫ বছর গৃহবন্দী রয়েছেন তিনি। মাঝে কয়েকবার তাঁর বন্দিত্ব স্বল্প সময়ের জন্য শিথিল করা হয়। সর্বশেষ গত বছরের মে মাসে গৃহবন্দিত্বের মেয়াদ ১৮ মাস বাড়ানো হয়। সু চির বিরুদ্ধে একজন মার্কিন নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগ এনে আদালত তাঁর বিরুদ্ধে এই সর্বশেষ সাজার রায় দেন। এক মার্কিন নাগরিক সাঁতরে লেক পার হয়ে সুচির বাড়িতে গিয়েছিলেন। আদালতের রায়ে গৃহবন্দিত্বের শর্ত লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এই সাজার মেয়াদই আজ শেষ হচ্ছে।নিরাপত্তা জোরদার: ইয়াঙ্গুনে সু চির বাড়িসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল শহরের প্রধান প্রধান সড়কে পুলিশের গাড়ি টহল দিতে দেখা দেয়। সরকারি কর্মকর্তারা জানান, সু চির মুক্তি-প্রক্রিয়াকে কেন্দ্র করে ‘প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার প্রস্তুতি’ চলছে।সমর্থকদের ভিড়: সু চির মুক্তির আশায় তাঁর সমর্থকেরা গতকাল দলের সদর দপ্তরের সামনে ভিড় করতে থাকেন। অনেক সমর্থকই প্রিয় নেত্রীর ছবিসংবলিত টি-শার্ট পরে আসেন। কারও কারও টি-শার্টে ‘সু চি, আমরা তোমার পাশে আছি’ স্লোগান লেখা দেখা যায়। এ সময় সদর দপ্তরের সামনে সু চির দুটি ছবিও টাঙানো হয়। নেত্রীর মুক্তি উপলক্ষে সমর্থকেরা রক্তদান কর্মসূচিরও পরিকল্পনা করেছেন। সমর্থকদের ভিড় বাড়তে থাকলে সাদা পোশাকের পুলিশকে ছবি তুলতে ও ভিডিওচিত্র ধারণ করতে দেখা গেছে।সন্ধ্যা হয়ে গেলে এনএলডির নেতাদের পরামর্শে সমর্থকেরা বাড়ি ফিরে যেতে থাকেন। নেতারা সমর্থকদের জানান, দলনেত্রীর মুক্তির নির্দিষ্ট দিনক্ষণ এখনো তাঁরা জানেন না।মুক্তির সম্ভাব্য কারণ: কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, বর্তমান জান্তা-সমর্থিত সদ্য গঠিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) সরকার গঠন করলে তাদের জন্য হুমকি হবেন না—এমন শর্তে হয়তো সু চিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার। তবে আইনজীবী নিয়ান উইন বলেন, সু চি শর্ত সাপেক্ষে মুক্তি নেবেন না।গত বৃহস্পতিবার ৭ নভেম্বরের নির্বাচনের আংশিক ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা যায়, পার্লামেন্টের নিম্নকক্ষের ঘোষিত ২১৯ আসনের (মোট আসন ৩৩০) মধ্যে জান্তা-সমর্থিত ইউএসডিপি ১৯০ আসন পেয়েছে। উচ্চকক্ষের ১৬৮ আসনের মধ্যে ১০৭টির ফল ঘোষণা করা হয়েছে। এর ৯৫টিই পেয়েছে ইউএসডিপি।জনগণের ভালোবাসা: সু চির সমর্থকেরা আশা করছেন, জান্তা সরকার এবার সত্যিই তাঁদের প্রিয় নেত্রীকে মুক্তি দেবে। তবে শুধু দলীয় নেতা-কর্মী বা সমর্থক নন, দীর্ঘদিনের সেনাশাসনে নিষ্পেষিত মিয়ানমারের সাধারণ মানুষও গণতান্ত্রিক আন্দোলনের আশা-ভরসা সু চির মুক্তির প্রতীক্ষা করছে।ইয়াঙ্গুনের একজন ট্যাক্সিচালক বলেন, ‘আমি তাঁর মুক্তির জন্য প্রার্থনা করি। তিনি অনেক কষ্ট করেছেন।’ রাস্তার পাশের একজন দোকানি বলেন, ‘আশা করি, সু চিকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমি। সৃষ্টিকর্তা তাঁকে ভালো রাখুন।’ এএফপি, বিবিসি, রয়টার্স।