আজই সংসদ সচিবালয়ে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন আজ জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আশা করছি সংসদের এ অধিবেশনেই আইনটি পাস হবে।’আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘এমন একটি ধারণা তৈরি হয়েছে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারের প্রতিষ্ঠান আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে, সবাই এ দেশেরই সন্তান।’ নিয়ম-নীতি মেনে এবং মান রক্ষা করে বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষা নিশ্চিত করতে আইনটি প্রণয়ন করা হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এ আইনের ফলে কোনো ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হবে না। তবে যাঁরা শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে ও পারিবারিক মালিকানায় বিশ্ববিদ্যালয় চালাতে চান, তাঁরা সমস্যার মুখে পড়তে পারেন।’ তিনি বলেন, আইনটি ধর্মগ্রন্থের মতো নয়। এতে সংশোধন ও সংযোজনের সুযোগ থাকবে। শিক্ষামন্ত্রী অননুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সনদ না নেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অনেকেই এমন বিশ্ববিদ্যালয় থেকে সনদ নিয়ে প্রতারিত হয়েছে। যারা এমন প্রতারণার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।