বিএনপির মহাসমাবেশে নেতারা বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সরকারের নানা বাধা-বিপত্তির পরও আজকের সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করে, সমাবেশ পণ্ড করতে সরকারের উদ্যোগ ব্যর্থ হয়েছে। লজ্জা থাকলে ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করার জন্যও তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান।বক্তারা বলেন, আজই সরকারের নৈতিক মৃত্যু হয়েছে। এটা এখন মৃত সরকার। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকারকে আগামী নির্বাচন দিতেই হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের লজ্জা থাকলে এ ধরনের কর্মসূচিতে ভবিষ্যতে আর বাধা দেওয়া উচিত হবে না। জনগণ আজ জানিয়ে দিয়েছে, তারা কী চায়। জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না। জনগণের চাওয়াকে বোঝার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সরকারের নৈতিকভাবে পরাজয় হয়েছে। এটি মৃত সরকার। এই সরকার আজই মারা গেছে। যেভাবেই হোক সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে বলে তিনি মন্তব্য করেন।বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান মহাসমাবেশ পণ্ড করতে সরকারের নানা উদ্যোগের কঠোর সমালোচনা করেন। তিনি বিএনপির নেতৃত্বে ১৬টি দল দিয়ে যে জোট হতে যাচ্ছে, সেটাকে অভিনন্দন জানান।জাগপার সভাপতি শফিউল আলম প্রধান তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকে ক্ষমতায় নিতে পারবে না। আমি বলতে চাই, খালেদা জিয়ার কারও কোলে-পিঠে চড়ার অভ্যাস নেই। বরং আপনিই কাকাবাবুদের পিঠে চড়ে ক্ষমতায় এসেছেন।’কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম অভিযোগ করেন, আল্লাহর ওপর প্রধানমন্ত্রীর আস্থা নেই। আর এ কারণেই তিনি সংবিধান সংশোধন করে এটি সরিয়ে দিয়েছেন। মহাসমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার নানা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। বাধা-বিপত্তি উপেক্ষা করেই নয়াপল্টনে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপি-জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী। সমাবেশস্থলের আশপাশের এলাকা রীতিমতো জনসমুদ্রে রূপ নিয়েছে।বেলা আড়াইটার দিকে মহাসমাবেশের মঞ্চে উপস্থিত হন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় সেখানে উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী হর্ষধ্বনি ও নানা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। মহাসমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির নেতা সাদেক হোসেন খোকা। বক্তব্য দিচ্ছেন বিএনপি, শরিক ও সমমনা দলের নেতারা।
এদিকে মহাসমাবেশে অংশ নিতে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের পথ ছিল নয়াপল্টনমুখী। পুলিশ মহাসমাবেশের জন্য এলাকা নির্ধারণ করে দিলেও কার্যত তা কাজে আসেনি। নেতা-কর্মী ও সমর্থকেরা ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাগুলোতেও। শান্তিনগর বাজার থেকে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ থেকে কাকরাইল মোড়, বিজয়নগর থেকে কাকরাইল, দৈনিক বাংলা থেকে ফকিরাপুল—পুরো এলাকা সমাবেশকারীদের দখলে চলে যায়। সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসতে শুরু করে বিএনপির নেতা-কর্মীরা। ইতিমধ্যে কয়েক হাজার নেতা-কর্মী সেখানে হাজির হয়েছে। দলে দলে প্রতিমুহূর্তে সেখানে লোক সমাগম হচ্ছে। তবে অনেককে সমাবেশ স্থলের দিকে আসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সকালে মতিঝিল শাপলা চত্বরের কাছে চট্টগ্রাম থেকে আসা বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও তাঁর সঙ্গে থাকা সমর্থকদের মহাসমাবেশের দিকে যেতে বাধা দেয়। আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, পুলিশ আমাদের বাধা দিচ্ছে। সমাবেশ স্থলের দিকে যেতে দিচ্ছে না।সমাবেশ স্থলের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিজয়নগর নাইটিংগেল রেস্টুরেন্টের মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়কে সকাল থেকেই যান চলাচল বন্ধ আছে। গতকাল সোমবার ১১ শর্তে বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আর মাইক ব্যবহার করা যাবে ফকিরাপুল থেকে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা হয়ে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত। পুলিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সভা শেষ করার নির্দেশ দিয়েছে।