আজও অনুসরণীয় গান্ধীর আদর্শ
‘পৃথিবীকে আমার নতুন কিছু শিক্ষা দেওয়ার নেই। সত্য ও অহিংসা পর্বতের মতোই অতি পুরোনো’—এভাবেই অত্যন্ত সাদাসিধেভাবে নিজের আদর্শের কথা বলতেন উপমহাদেশের রাজনীতির বিস্ময়কর ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী। সত্য ও অহিংসাই ছিল তাঁর জীবনের মূলমন্ত্র। আজ তাঁর ১৪২তম জন্মবার্ষিকী। ভারতজুড়ে এ দিনটি গান্ধী জয়ন্তী এবং বিশ্বে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।গান্ধীর জন্ম ১৮৬৯ সালের ২ অক্টোবর। ১৮৯৩ থেকে ১৯১৪ সাল পর্যন্ত তাঁর কর্মস্থল ছিল দক্ষিণ আফ্রিকা। দেশটিতে বসবাসরত ভারতীয় শ্রমিক ও নাগরিকদের ওপর ব্রিটিশ শ্বেতাঙ্গ শাসকদের নিপীড়ন তাঁকে আন্দোলিত করে। মানবতাবাদী গান্ধী তাই সেখানেই তাঁর অহিংস আন্দোলনের সূত্রপাত ঘটান।বিংশ শতাব্দীর শুরুতে আফ্রিকা থেকে এসে তিনি কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস সম্মেলনে যোগ দেন। ভারতবাসীর মুক্তির সংগ্রামে লিপ্ত হওয়ার উপযোগী করে নিজেকে তৈরি করেন গান্ধী। দেশে ফিরে এসে সারা ভারত ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখেন। দ্বিতীয় মহাযুদ্ধ-পরবর্তী বছর দুয়েক তিনি বিভিন্ন বিচ্ছিন্ন আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯২০ সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন গান্ধী। উপমহাদেশের দুই হাজার বছরের ইতিহাসে তাঁর এই আন্দোলনের তুলনা পাওয়া যায় না। অসহযোগ আন্দোলনের পরে তাঁর নেতৃত্বে ১৯৩০ সালের ‘লবণ সত্যাগ্রহ’ আন্দোলন হয়। এরপর ১৯৪২-এর ‘ভারত ছাড়’ আন্দোলন। এসব গণ-আন্দোলন ব্রিটিশ রাজত্বের ভিত নাড়িয়ে দেয়। ঔপনিবেশিক শাসকেরা ভারত ছেড়ে যেতে বাধ্য হয়।মহাত্মা গান্ধীর জীবনের শেষ বড় কর্মযজ্ঞ নোয়াখালী শান্তি মিশন। নোয়াখালীর দাঙ্গা উপদ্রুত এলাকায় তিনি ১৯৪৬ সালের নভেম্বর থেকে ১৯৪৭-এর মার্চ পর্যন্ত চার মাসের বেশি একনাগাড়ে অবস্থান করে হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি স্থাপনে ভূমিকা রাখেন। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি আততায়ীর হাতে এই অহিংসা সাধক মহান নেতার জীবনাবসান ঘটে। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস ঘোষণা করা হয়।গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহ অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিদ্রোহ। রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় যেকোনো সংঘাত অহিংস উপায়ে সমাধানের শিক্ষা দিয়ে গেছেন তিনি। তাঁর উদ্ভাবিত সত্যাগ্রহ নীতি যুদ্ধের বিকল্প হিসেবে সর্বত্র সমাদৃত। শান্তিপূর্ণ বিশ্বের জন্য গান্ধীর আদর্শ আজও অনুসরণীয়।