আজও আপনাদের সমর্থন ও শুভেচ্ছা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে সহযোগিতা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে বিদেশি বন্ধুদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল রোববার মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননায় প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান। এ সময় তিনি বলেন, ‘একটি গোষ্ঠী’ জনগণের ধর্মীয় অনুভূতির অপব্যবহার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদকে পুঁজি করে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে সম্মাননা পাওয়া ব্যক্তিদের পক্ষ থেকে জাপানের অধ্যাপক তোমিও মিজোকামি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ‘শত্রুমুক্ত’ হবে।গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মাননার ষষ্ঠ পর্বে ৬৮ ব্যক্তি ও একটি সংগঠনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়।২০ মার্চ চিরবিদায় নেওয়ায় গত পাঁচ পর্বের মতো মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের হাতে সম্মাননা তুলে দিতে উপস্থিত ছিলেন না রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তাই অনুষ্ঠানের শুরুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় উল্লেখ করেন, রাষ্ট্রপতিকে রেখেই এ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। তাই তাঁর জন্য এদিনের অনুষ্ঠানটি উৎসর্গ করা হলো।এবারও পাশে পাওয়ার প্রত্যাশা: বিদেশি বন্ধুদের হাতে সম্মাননা তুলে দেওয়ার পর ছিল বক্তৃতা পর্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতার শুরুতে বলেন, ‘একাত্তরের ক্রান্তিলগ্নে বিদেশি বন্ধুদের সহযোগিতা ও সহমর্মিতার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ও চিরঋণী।’বাংলাদেশের মানবতা-বিরোধী অপরাধের বিচার প্রসঙ্গটি অতিথিদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারকাজ পরিচালনা করা হচ্ছে। এ বিচার-প্রক্রিয়া ইতিহাসের একটি অপ্রিয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাবে; জাতীয় সমঝোতার পথ উন্মুক্ত করবে।সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী জনগণের ধর্মীয় অনুভূতির অপব্যবহার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদকে পুঁজি করে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।শেখ হাসিনা বলেন, ‘এ দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্মান্ধ নয়। তারা একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে বদ্ধপরিকর।...এই সংগ্রামে আমরা আপনাদের সমর্থন ও শুভেচ্ছা চাই।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি নিশ্চিত, ১৯৭১ সালে বাংলার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যেভাবে আপনারা সমর্থন দিয়েছিলেন, আজও একইভাবে একটি দারিদ্র্য ও ক্ষুধামুক্ত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আপনাদের নৈতিক সমর্থন প্রয়োজন। আশা করি, এই সমর্থন আমরা পাব।’‘শত্রুমুক্ত হোক বাংলাদেশ’: জাপানের অধ্যাপক ও সমাজকর্মী তোমিও মিজোকামি বাংলায় দেওয়া ভাষণে বলেন, ‘একাত্তরে অবদানের জন্য আমাদের বাংলাদেশ মনে রাখবে আর সংবর্ধনা দেবে, এটা স্বপ্নেও ভাবিনি। আপনাদের আতিথেয়তায় আমি অভিভূত, মুগ্ধ।’একাত্তরে নিজের অবদানের কথা উল্লেখ করতে গিয়ে মিজোকামি জানান, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিরুদ্ধে তিনি জাপানের পত্রিকায় লিখেছেন।মিজোকামি বলেন, ‘রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের দেশপ্রেম অনুকরণীয়। এ ক্ষেত্রে অনেকে বাংলাদেশকে আদর্শ হিসেবে দেখছে। আপনাদের সোনার বাংলাকে আমিও ভালোবাসি। বাংলাদেশ শত্রুমুক্ত হোক। জয় বাংলা।’এবারের সম্মাননা: এবারের সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু, মুক্তিযুদ্ধকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লে. জে. জগজিৎ সিং অরোরা, লেখক-দার্শনিক আবু সাঈদ আইয়ুব, আলোকচিত্রী রঘু রাই, জাদুশিল্পী পি সি সরকার (জুনিয়র), যুক্তরাষ্ট্রের কবি অ্যালেন গিন্সবার্গ, পাকিস্তানের কবি ফয়েজ আহমেদ ফয়েজ, রাজনীতিক মালিক গোলাম জিলানী, অধ্যাপক ও সাংবাদিক ওয়ারিস মির, নেপালের রাজনীতিক নারায়ণ খাদকা, জাপানের অধ্যাপক ও সমাজকর্মী তোমিও মিজোকামি প্রমুখ। প্রয়াত ব্যক্তিদের পক্ষে তাঁদের প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করেন। শোক, আবেগ আর করতালি: প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অনুপস্থিতিতে এবারের আয়োজনে ছিল শোকের আবহ। কিন্তু এর মধ্যেও লে. জে. জগজিৎ সিং অরোরার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত সুধী মুহুর্মুহু করতালিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। অরোরার পক্ষে লে. জে. মহিন্দার সিং সম্মাননা নিয়ে আসনে ফিরে যাওয়া পর্যন্ত করতালি চলতে থাকে। পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি মালিক গোলাম জিলানীর পক্ষে সম্মাননা নেন তাঁর মেয়ে পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর। সম্মাননা নিতে গিয়ে শেখ হাসিনাকে জড়িয়ে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এ আবেগঘন মুহূর্তটি ছুঁয়ে যায় উপস্থিত অন্যদেরও। করতালি দিয়ে সে অনুভূতি প্রকাশ করেছেন তাঁরা। পাকিস্তানের অধ্যাপক ও সাংবাদিক ওয়ারিস মিরের সম্মাননা গ্রহণ করেন তাঁর ছেলে সে দেশের জিও টিভির নির্বাহী সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব হামিদ মির।সম্মাননার নানা আয়োজন: অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধবিষয়ক একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এরপর মানপত্র পড়ে শোনান মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। মানপত্র পাঠের পর বিদেশি বন্ধুদের হাতে প্রধানমন্ত্রী ক্রেস্ট ও মানপত্র তুলে দেন। এরপর বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। সবার শেষে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সম্মাননা পাওয়া ব্যক্তিদের নিয়ে ফটোসেশন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।এবার নয়টি দেশের মোট ৬৮ ব্যক্তি ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য শাখা রেডক্রস সোসাইটিকে সম্মাননা দেওয়া হয়েছে। ৬৮ ব্যক্তির মধ্যে রয়েছেন ভারতের ৪২, পাকিস্তানের ১৩, যুক্তরাষ্ট্রের চার, নেপালের তিন, জাপানের দুই এবং যুক্তরাজ্য, কিউবা, অস্ট্রেলিয়া ও সুইডেনের একজন করে নাগরিক। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন পেয়েছেন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’। তাঁদের পক্ষে সম্মাননা নেন যথাক্রমে ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত আবেলার্দো কিউয়েতো সোসা ও অধ্যাপক রবিন উইলসন (ছেলে)। অন্য ৬৬ জন পেয়েছেন ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’। তাঁদের মধ্যে ২৮ জন নিজে এবং বাকি ব্যক্তিদের পক্ষে স্বজন কিংবা অন্য প্রতিনিধিরা সম্মাননা নেন।