আজও আপনাদের সমর্থন চাই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে সহযোগিতা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে বিদেশি বন্ধুদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননায় প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান। এ সময় তিনি বলেন, ‘একটি গোষ্ঠী জনগণের ধর্মীয় অনুভূতির অপব্যবহার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদকে পুঁজি করে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’ অন্যদিকে সম্মাননা পাওয়া ব্যক্তিদের পক্ষ থেকে জাপানের তোমিও মিজোকামি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ‘শত্রুমুক্ত’ হবে। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মাননার ষষ্ঠ পর্বে ৬৯ ব্যক্তি ও সংগঠনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়।গত ২০ মার্চ চিরবিদায় নেওয়ায় গত পাঁচ পর্বের মতো মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের হাতে সম্মাননা তুলে দিতে হাজির ছিলেন না রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তাই অনুষ্ঠানের শুরুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, রাষ্ট্রপতিকে রেখেই এ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। তাই তাঁর জন্য এদিনের অনুষ্ঠানটি উত্সর্গ করা হলো।বিদেশি বন্ধুদের হাতে সম্মাননা তুলে দেওয়ার পর ছিল বক্তৃতা পর্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যের শুরুতে বলেন, ‘একাত্তরের ক্রান্তিলগ্নে সহযোগিতা ও সহমর্মিতার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ও চিরঋণী। আপনাদের এ ঋণ পরিশোধের নয়।’ আন্তর্জাতিক প্রচারমাধ্যমেও আলোচিত হওয়া মানবতাবিরোধী বিচারপ্রক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতির অবসান ঘটাতে যেকোনো অপকর্মের জবাবদিহি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে যুদ্ধাপরাধের বিচারকাজ পরিচালনা করা হচ্ছে।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ বিচারপ্রক্রিয়া ইতিহাসের একটি অপ্রিয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাবে। জাতীয় সমঝোতার পথ উন্মুক্ত করবে। শেখ হাসিনা বলেন, ‘আজ বাংলাদেশ যখন ভৌত ও মানবিক উভয় ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ও যুদ্ধাপরাধের দীর্ঘপ্রতীক্ষিত বিচারের প্রচেষ্টা সফল পরিণতির দ্বারপ্রান্তে, তখন দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী জনগণের ধর্মীয় অনুভূতির অপব্যবহার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদকে পুঁজি করে এই অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বিভ্রান্তি ও বিভক্তির বীজ ছড়াবার এই অপপ্রয়াস কখনো বাংলার মানুষ মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নেবে না। কারণ, এ দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্মান্ধ নয়। তারা একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে বদ্ধপরিকর।’প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংগ্রামে আমরা আপনাদের সমর্থন ও শুভেচ্ছা চাই। আমি নিশ্চিত, ১৯৭১ সালে বাংলার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যেভাবে আপনারা সমর্থন দিয়েছিলেন, আজকেও একইভাবে একটি দারিদ্র্য ও ক্ষুধামুক্ত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আপনাদের নৈতিক সমর্থন প্রয়োজন। আশা করি, এই সমর্থন আমরা পাব।’উত্সর্গ রাষ্ট্রপতিকেঅন্যবারের তুলনায় আজকের অনুষ্ঠানের একমাত্র ব্যতিক্রম ছিল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অনুপস্থিতি। কারণ, এর আগের পাঁচটি পর্বেই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে নিয়েই বিদেশি বন্ধুদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আজ অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতির স্মরণে পালন করা হয় এক মিনিটের নীরবতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যের শুরুতেই বলেন, ‘রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আপনাদের হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা ছিল। আর সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম। এমনকি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও তাঁর নাম ছাপা হয়েছে। কিন্তু গত ২০ মার্চ তিনি আমাদের শোকের সাগরে ভাসিয়ে ইন্তেকাল করেছেন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই সম্মাননা তাঁর নামেই দেওয়া হচ্ছে। আজকের এই অনুষ্ঠান তাঁর নামে উত্সর্গ করছি।’জাপানের অধ্যাপক ও সমাজকর্মী তোমিও মিজোকামি বলেন, ‘একাত্তরে অবদানের জন্য আমাদেরকে বাংলাদেশ মনে রাখবে আর সংবর্ধনা দেবে, এটা স্বপ্নেও ভাবিনি। আপনাদের আতিথেয়তায় আমি অভিভূত, মুগ্ধ।’ একাত্তরে নিজের অবদানের কথা উল্লেখ করতে গিয়ে জানান, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিরুদ্ধে তিনি জাপানের পত্রিকায় লিখেছেন। তিনি বলেন, ‘আজ এত বছর পর আমি খুবই আনন্দিত ও সন্তুষ্ট। আমাদের স্মরণ করায় বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ ও বাংলা ভাষা আজ আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত। রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের দেশপ্রেম অনুকরণীয়। এ ক্ষেত্রে অনেকে বাংলাদেশকে আদর্শ হিসেবে দেখছে। এ বছর টোকিও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা চালু হয়েছে।’ তোমিও মিজোকামি বলেন, ‘আপনাদের সোনার বাংলাকে আমিও ভালোবাসি। বাংলাদেশ শত্রুমুক্ত হোক। জয় বাংলা।’রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অনুপস্থিতিতে এবারের আয়োজনটা ছিল অনেকটা শোকাবহ। কিন্তু এর মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর পূর্ব রণাঙ্গনের অধিনায়ক লে.জে. জগজিত্ সিং অরোরার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মিলনায়তনের দর্শকরা মুহুর্মুহু করতালিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর পক্ষে লে.জে. মহিন্দার সিং সম্মাননা নিয়ে আসনে ফিরে যাওয়া পর্যন্ত অব্যাহত ছিল করতালি। আবার পশ্চিম পাকিস্তান আওয়ামী লিগের তত্কালীন সহসভাপতি মালিক গোলাম জিলানীর পক্ষে সম্মাননা নিতে তাঁর মেয়ে আসমা জাহাঙ্গীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যান। শেখ হাসিনাকে কাছে পেয়ে তাঁকে জড়িয়ে ধরেন আসমা জাহাঙ্গীর। প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের মানবাধিকারকর্মী ও আইনজীবীর এ আবেগ ছুঁয়েছিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের। তাঁরা করতালি দিয়ে এ দৃশ্য উপভোগ করেছেন। নানা আয়োজনঅনুষ্ঠানের শুরুতে একাত্তরের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এরপর মানপত্র পড়ে শোনান মন্ত্রিপরিষদের সচিব মোহম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। মানপত্র পড়া শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে একটি ক্রেস্ট ও মানপত্র তুলে দেওয়া হয়। এরপর বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। সবার শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মাননার ষষ্ঠ পর্বে এবার নয়টি দেশের মোট ৬৮ জন ব্যক্তিকে ও ভারতের একটি সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে। সবাইকে একটি করে ক্রেস্ট ও মানপত্র দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়া ৬৮ জনের মধ্যে রয়েছেন ভারতের ৪২, পাকিস্তানের ১৩, যুক্তরাষ্ট্রের চার, নেপালের তিন, জাপানের দুই এবং যুক্তরাজ্য, কিউবা, অস্ট্রেলিয়া ও সুইডেনের একজন করে নাগরিক। এবার কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন পেয়েছেন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’। অন্যরা পেয়েছেন ‘বাংলাদেশ মৈত্রী সম্মাননা’। তাঁদের মধ্যে ২৮ জন স্বশরীরে এবং অন্যদের পক্ষে তাঁদের আপনজন কিংবা স্বজনেরা প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন।