আজও জেগে আছে ভালোবাসা
এবারের ঈদটাও চলে গেল। কিন্তু স্মৃতি তো আমাকে ছাড়ে না। মনে পড়ে, ক্রিং ক্রিং বেজে উঠল ফোন। ‘হ্যালো, কে বলছেন?’ পর মুহূর্তে ভরাট কণ্ঠে কে জানি বলে উঠল, ‘প্লিজ, ফোন রাখবেন না। আমি লেফটেন্যান্ট ইলাহী। কে, লবী বলছ? আমি তোমাকে দেখিনি, কিন্তু অনেক গল্প শুনেছি। আমি তোমার সম্পর্কে যে রকম শুনেছি, তুমি যদি সত্যিই সে রকম হও, তাহলে আমি তোমায় বিয়ে করব।’জীবনে প্রথমবারের মতো এত স্পষ্ট ভাষায় কোনো ছেলে যে নির্বিকারভাবে এত সাহস নিয়ে কোনো মেয়েকে প্রস্তাব দিতে পারে, কিছুক্ষণ নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল, এটি স্বপ্ন! সেদিন ছিল ১৯৮৪ সালের ১৪ মার্চ। এত সুন্দর কণ্ঠ ও সাহসের কাছে হার মেনেছিলাম আমি। সেনা কর্মকর্তাকে বিয়ে করব ভেবেছি। কিন্তু প্রেম করব, সে কথা কখনো ভাবিনি।প্রেম অবশ্য বেশি দিন করতে পারিনি। এক বছরের মধ্যে ইলাহীকে জীবনসঙ্গী করে নিয়েছিলাম, তাও আবার কোর্টে। ইলাহী, যখন শুনলাম সেনাবাহিনীতে ২৬ বছর বয়স না হলে বিয়ে করা যাবে না, করলে চাকরি যাবে, না হয় কঠিন সাজা হবে, তখনই বুঝতে পারি, তুমি কতটা সাহসী। তোমার এত বেশি সাহস ছিল যে সবকিছু উপেক্ষা করে বিয়ের দিনই সবাইকে জানিয়ে দিয়েছিলে। আমি খুব ভয়ে ছিলাম। এই বুঝি চাকরিটা গেল! আমার মনে আছে, বান্দরবানে তোমাকে ডাকা হয়েছিল শাস্তি দেওয়ার জন্য। যেখানে ছিলেন জেনারেল সাহেব। ব্রিফিং পেয়েছিলাম, তিনি ভীষণ রাগী। প্রথমেই চাকরি খেয়ে ফেলবেন। কিন্তু তোমার এক কথায় তিনি হাসলেন বলে রাগলেন না।তোমাকে প্রশ্ন করা হয়েছিল, ‘হে ইলাহী, এটা তুমি কী করলে?’ উত্তরে তুমি বলেছিলে, ‘স্যার, আর কোনো দিন করব না।’ সে যাত্রা বাঁচা গেল।বিয়ের পর প্রথম ঈদ। তুমি আলী কদমে আর আমি ঢাকায়। জেনারেল মেনে নিলেন, কিন্তু সিও মানলেন না, যার কারণে আমি ঢাকায়। খুব কষ্ট পেতে লাগলাম, বিয়ের পর প্রথম ঈদ আর দুজন দুই দিকে। কেন জানি অফিসের কাজে তোমাকে চট্টগ্রামে পাঠানো হলো, তুমি আমায় ফোন করলে, সারা রাত কথা বললাম। তার পরদিন তুমি বললে, আজ রাত ১০টায় আলী কদম ফিরে যেতে হবে। শুনে মনটা ভীষণ খারাপ হলো। মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সকাল ছয়টা কি সাড়ে ছয়টায় চোখ খুলে দেখি, সাদা পাঞ্জাবি পরে আমার মশারির পাশে কে যেন দাঁড়িয়ে আমায় দেখছে। হুড়মুড় করে উঠলাম, নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, আমি কী দেখছি? জড়িয়ে ধরলাম তোমাকে। সারা গায়ে কাদামাটি, খুব অবাক হয়ে প্রশ্ন করেছিলাম, তুমি এখানে এভাবে আর গায়ে কাদা মাখানো, কীভাবে এসেছ?’শুনলাম, সারা রাত মোটরসাইকেল চালিয়ে এসেছ, আমাকে একবার ঈদ মোবারক বলার জন্য।আমি বললাম, পাঞ্জাবি পরার কী দরকার ছিল? শার্ট পরলে না কেন? তুমি হেসে দিয়ে বলেছিলে, কেন জানো? রাস্তায় অ্যাকসিডেন্ট করে মারা গেলে লাশটা যেন দেখতে সুন্দর লাগে। সঙ্গে সঙ্গেই বললে, আধ ঘণ্টা আছি, এখনই রওনা দিতে হবে। তা না হলে বেকারের বউ হয়ে বসে থাকতে হবে তোমাকে।বিদায়টা দিতে সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। তার সঙ্গে একটা ভালো লাগাও কাজ করছিল যে একটা মানুষ বউকে কত ভালোবাসলে এভাবে ঝুঁকি নেয়।যাওয়ার আগে বলেছিলে, তোমাকে ঈদে শাড়ি-গয়না দেওয়ার সামর্থ্য আমার নেই। এটা খুলে দেখো, আমি জানি, তোমার খুব ভালো লাগবে। প্যাকেটের ভেতর ছিল গীতবিতান, কেননা গান আমি খুব পছন্দ করি। সেই প্রথম ঈদের প্রথম উপহার এখনো সযত্নে আছে, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাই না?লেফটেন্যান্ট থেকে কর্নেল ইলাহী পর্যন্ত ২৩ বছরে তোমার সঙ্গে অনেক ঈদই কাটিয়েছি।ঈদের আগে নামাজের পর থেকেই শুরু হতো সেনাকুঞ্জ, সেনাভবন, বঙ্গভবনসহ কত রকম ব্যস্ততা। এখনো ঈদ আসে, ঈদ যায়, কিন্তু স্টাফ কারের নির্ধারিত স্টিকার আর বাসায় পৌঁছায় না।জানো, বঙ্গভবনের শহীদ ফ্যামিলির চেয়ারগুলোর সারিতে আরও ৫৭টি চেয়ার বেড়ে গেছে। ওতে আমার চেয়ারটিও আছে। যেখানে তুমি থাকতে আমার পাশে, সেখানে আমি একা কীভাবে যাই বলো তো?ইস্, এ রকম যদি হতো, ঘুম থেকে উঠে দেখলাম, এত দিন যা ঘটেছে সবই দুঃস্বপ্ন! জানি, তা কখনো হওয়ার নয়।এখন তুমি ওপারে বসে কী করছ? সেখানে কি ঈদ হয়? সেটা কেমন বলো তো? খুব দেখতে ইচ্ছে করে, খুব কথা বলতে ইচ্ছে করে। জানি, ফিরে আসবে না। এ কেমন সত্যের মুখোমুখি হয়েছি আমরা?লেখক: বিডিআর ট্রাজেডিতে নিহত কর্নেল কুদরত ইলাহী রহমান শফিকের স্ত্রী