আজও বিচ্ছিন্ন ঢাকা (ভিডিও)
রাজধানী ঢাকার সঙ্গে আজ শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক, রেল ও নৌপথ বন্ধ রয়েছে। ফলে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন ঢাকা। রাজধানীর আশপাশের এলাকা থেকে পায়ে হেঁটেই ঢাকায় প্রবেশ করেন হেফাজতে ইসলামের কর্মীরা। আর যানবাহনের অভাবে যাঁদের পক্ষে ঢাকায় আসা সম্ভব হয়নি, তাঁরা সড়কেই অবস্থান নেন।ঢাকামুখী লংমার্চ শেষে আজ সকাল ১০টার দিক থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। লংমার্চ ঠেকানোর জন্য গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডাকে সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ ২৩টি সংগঠন। একই সঙ্গে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে ২২ ঘণ্টা রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি দেয় গণজাগরণ মঞ্চ। কিন্তু হরতাল ও অবরোধ কর্মসূচি শুরুর আগে থেকেই দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে গতকালই সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা।সারা দেশ থেকে আমাদের প্রতিনিধি, অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবর:জাহাঙ্গীরনগর: গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকেই সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণজাগরণ মঞ্চ বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনের সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে নবীনগর থেকে ঢাকামুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবার সকাল নয়টার দিকে বাইপাইল থেকে একটি মাদ্রাসার ২০ থেকে ২৫ জন ছাত্র-শিক্ষক ঢাকার উদ্দেশে রওনা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ফেরত পাঠান। এ ছাড়া সকালে শতাধিক লোক লংমার্চের উদ্দেশে রওনা হলে তাঁদেরও ফেরত পাঠানো হয়।নরসিংদী: যানবাহন না থাকায় আজ বেলা পৌনে ১১টার দিকে নরসিংদী থেকে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশে রওনা দেন হেফাজতে ইসলামের প্রায় ৫০০ নেতা-কর্মী। জানা গেছে, ঢাকার মতিঝিলে মহাসমাবেশে অংশ নিতে গতকাল রাত ১০টার দিকে মৌলভীবাজার জেলা হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা ১২০টি প্রাইভেটকার ও মাইক্রোবাস নিয়ে রওনা দেন। এই নেতা-কর্মীরা ভোর সাড়ে চারটার দিকে নরসিংদী শহরের ভেলানগর অতিক্রম করে দগরিয়া এলাকায় পৌঁছান। হেফাজতের কর্মীরা অভিযোগ করেছেন, ঢাকা আসার পথে দগরিয়া এলাকায় তাঁদের বাধা দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের ফিরে যেতে অনুরোধ করে। তাঁরা গাড়ি ঘুরিয়ে ভেলানগর জেলখানা মোড়ে মহাসড়কে জায়নামাজ বিছিয়ে অবস্থান নেন। পরে অনেকে শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ও টমটমে করে সেখান থেকে লংমার্চের দিকে রওনা হন। বেলা পৌনে ১১টার দিকে হেফাজতে ইসলামের প্রায় ৫০০ নেতা-কর্মী পায়ে হেঁটে ঢাকার উদ্দেশে রওনা হন। তবে হেফাজতের নেতা-কর্মীদের ঢাকায় আসতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে নরসিংদী জেলা পুলিশ।মির্জাপুর: যানবাহন না পেয়ে টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলামের সহস্রাধিক নেতা-কর্মী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের চরপাড়ায় অবস্থান নেন। মির্জাপুর থানার হাঁটুভাঙ্গা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।কেরানীগঞ্জ: বুড়িগঙ্গা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেতুতে আজ ভোররাত থেকেই সব ধরনের যান চলাচল বন্ধ। এতে করে রাজধানী ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেতু বন্ধ থাকায় হেফাজতে ইসলামের কর্মীরাসহ সাধারণ মানুষ পায়ে হেঁটেই তাদের গন্তব্যে রওনা দেন।এ ছাড়া, বুড়িগঙ্গা নদীর বেশির ভাগ খেয়ানৌকাসহ যাত্রী পরিবহনের সব ধরনের নৌযান চলাচল বন্ধ। সদরঘাট লঞ্চ টার্মিনাল সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে আটটি লঞ্চ ঢাকায় এসেছে। আর ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে দুটি লঞ্চ। হরতাল ও অবরোধের কারণে কেরানীগঞ্জ ও ফরাশগঞ্জ ঘাটে যাত্রী নামিয়েছে লঞ্চগুলো। এদিকে, সকাল নয়টার দিকে হেফাজতে ইসলামের প্রায় ২০ হাজার নেতা-কর্মীর একটি দল বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পার হয়ে ঢাকার মতিঝিলের দিকে রওনা দেন।মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের মাওয়া-কাওরাকান্দি নৌপথে আজও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস চলাচল করছে না। এমনকি মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।