আজও মুক্ত হলো না বৃদ্ধা খুরশীদ বেগমের জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রায় দুই বছর ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। ইউএনও অফিস, টিএনও অফিস, ডিসি অফিস, কোর্ট-কাচারি—কোনো কিছু বাদ রাখিনি। এক ভূমি অফিসেই কত্ত ধরনা! অবস্থা তার পরও যেই লাউ, সেই কদু।’একরাশ দীর্ঘশ্বাসে কথাগুলো বলছিলেন গাজীপর সদর উপজেলার শিমুলতলীর খুরশীদ উন নাহার বেগম। ১৯৭১ সালের ১১ জানুয়ারি রেজিস্ট্রিকৃত ৭৭৬ নম্বর সাফকবলা দলিলমূলে গাজীপুর জেলার চতর মৌজার এসএ ৯৫, আরএস ১১৮ খতিয়ানভুক্ত এসএ ১৯০ ও ১৯১ দাগে, আরএস ৬২৩ দাগের ১.৪৭ একর জমির মালিক হন খুরশীদ বেগম। নিজ নামে নামজারি করে দীর্ঘদিন তিনি সেখানে সপরিবারে বসবাস করে আসছিলেন। কিন্তু মূল জোতে জমি না থাকা সত্ত্বেও পরবর্তীকালে ভূমি অফিসের কতিপয় অসৎ কর্মকর্তার যোগসাজশে ওই দাগে বিভিন্ন ব্যক্তির নামে অতিরিক্ত .২৬৬৫ একরসহ ১.৭৩৬৫ একর জমি নামজারি ও জমাভাগের ঘটনা ঘটে। তাতে ভিন্ন ব্যক্তির নামে বিনা নোটিশে অবৈধভাবে নামজারি হয়; খুরশীদ বেগমের নামে হয় বৈধভাবে নামজারীকৃত প্রায় .৭৩৫০ একর জমি। এ বিষয়ে অভিযোগ জানানো হলে গাজীপুর জেলা প্রশাসকের নির্দেশক্রমে ২০১০ সালের ১ এপ্রিল গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ওই অবৈধ নামজারি ও জমাভাগের জন্য গাজীপুর পৌর ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন ভূমি সহকারী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ও ভূমি উপসহকারী কর্মকর্তা কাওসার হোসেন মোল্লাকে (সাময়িকভাবে বরখাস্তকৃত) দায়ী করা হয় এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। কিন্তু রহস্যজনকভাবে তাঁদের সৃষ্ট অবৈধ নামজারি ও জমাভাগসমূহ এখনো বহাল। স্থানীয় ভূমি অফিসের নিষ্ক্রিয়তায় অবৈধ নামজারির দাবিদারেরা এখন খুরশীদ বেগমকে জবরদখলের মাধ্যমে তাঁর জমি থেকে উৎখাতের চেষ্টাও করছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম আইন অধিকারকে জানান, ‘খুরশীদ উন নাহার বেগমের বিষয়টি আমার আদালতে বিচারাধীন। আশা করছি, শিগগিরই মামলাটি শেষ হয়ে যাবে। মামলাটি শেষ হলেই ওই অবৈধ নামজারিগুলো আমরা বাতিল করে দেব।’