আজও মুক্তি পেল না লিমন
জামিনের আদেশের কপি না পৌঁছানোয় আজ রোববারও মুক্তি পেল না লিমন। রাজধানীতে লিমনের পক্ষে হাইকোর্টে রিট আবেদনকারী সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান ওরফে লিটন এ কথা জানান। তিনি বলেন, জামিনের আদেশের কপি কাল সোমবার পৌঁছানোর কথা। তাই কাল লিমনের জামিনে মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে র্যাবের গুলিতে পঙ্গু লিমনের ঘটনা তদন্ত করতে আজ এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত দল তার গ্রামের বাড়ি রাজাপুরের সাতুরিয়ায় যায়। তদন্ত দলের প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর দুপুর সাড়ে ১২টায় সেখানে পৌঁছেন।জানা গেছে, গত ২৩ মার্চ লিমন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী ও লিমনের পরিবারের সাক্ষ্য গ্রহণ করার কথা থাকলেও লিমনের পরিবারের কারো সাক্ষ্য গ্রহণ করা হয়নি।তদন্ত কমিটির সামনে উপস্থিত হয় র্যাবের সূত্র হিসেবে পরিচিত সন্ত্রাসী মানিক জমাদ্দারের নেতৃত্বে একসময়ের সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের ১০-১৫ জন সহযোগী।এই খবর পেয়ে সেখানে লিমনের ঘটনার প্রত্যক্ষদর্শী, লিমনের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে বেলা দেড়টার দিকে তদন্ত কমিটি ঘটনাস্থল থেকে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে চলে আসেন। এ সময় শওকত আকবরের সঙ্গে ছিলেন রাজাপুরের ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, কাঁঠালিয়া থানার ওসি এস এ খালেক।লিমনের মামা ইলিয়াছ হোসেন বলেন, ‘তদন্ত কমিটির প্রধান কিছু লোকজনের নাম লিখে নিয়ে গেছেন।’লিমনের মা বেগম অভিযোগ করেন, ‘তদন্ত দল কারও সাক্ষ্য গ্রহণ করেনি। একসময়ের সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের ঘনিষ্ঠ সহযোগী বর্তমানে সাতুরিয়ার চিহ্নিত সন্ত্রাসীরা তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে চলে গেছেন শুনেছি। আমাকে কেউ খবর দেয়নি, তাই আমি সেখানে যাইনি।’তদন্ত কমিটির প্রধান শওকত আকবর বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু লোকজনের সঙ্গে কথা বলেছি। সাক্ষ্য গ্রহণ করা বলতে যা বুঝায়, সেভাবে কিছু করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের কাছে এ ব্যাপারে শিগগিরই প্রতিবেদন জমা দেয়া হবে।’প্রসঙ্গত, লিমন হোসেনকে হাইকোর্ট ৫ মে ছয় মাসের আগাম জামিন দিলেও এ-সংক্রান্ত আদেশ কারাগারে না পৌঁছানোয় তাঁর মুক্তি মেলেনি। লিমন হোসেন বর্তমানে বরিশাল কারাগারের হাজতি আসামি হিসেবে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে।