আজও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে আজ সোমবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করবে বিএনপি।গতকাল রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।মির্জা ফখরুল বলেন, এভাবে ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করা হবে, আর বিএনপি মার খেয়ে যাবে, তা হতে পারে না। বিএনপি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। তাই বাধ্য হয়েই হরতালের মতো কঠিন কর্মসূচির পথে যেতে হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে সরকারই গুম করেছে। তাই তাঁদের সরকারকেই ফেরত দিতে হবে। তিনি গুম ও হত্যার রাজনীতি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে বলা হয়, গতকালের হরতালে ঢাকাসহ সারা দেশে ৭২৬ জন গ্রেপ্তার এবং ৬৬৬ জন আহত হয়েছে। সরকারের একটি গোয়েন্দা সংস্থা ইলিয়াস আলীর সন্ধান পেয়েছে, তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে সরকারের সমঝোতা বৈঠক হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকারই তাঁকে গুম করেছে। সরকারকেই ফেরত দিতে হবে। এ নিয়ে সমঝোতার কথার ভিত্তি নেই।’ তিনি বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ। এ নিয়ে সরকারের সঙ্গে কোনো সমঝোতার প্রশ্নই আসে না। বিএনপি বলেছে, সরকারের এজেন্সি ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালককে নিখোঁজ করেছে। তাঁদের অবশ্যই ফেরত দিতে হবে। তা না হলে চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। বিএনপির মুখপাত্র হরতাল সফল হয়েছে বলে দাবি করে বলেন, হরতাল স্বতঃস্ফূর্ত হয়েছে। জনগণ এই হরতালকে সমর্থন দিয়েছে। তিনি এ জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আজকের হরতালও সফল করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, র্যাব-পুলিশ বিরোধীদলীয় নেতা-কর্মীদের বেধড়ক পিটিয়েছে। অথচ পুলিশি পাহারায় আওয়ামী লীগের ক্যাডাররা খণ্ড খণ্ড মিছিল করেছে। ফুটপাতে বসে তারা হরতালের বিরোধিতা করেছে।ইলিয়াস আলী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন বলেই সরকারের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। এ জন্যই সরকারের এজেন্সি তাঁকে নিখোঁজ করেছে বলে বিএনপি বিশ্বাস করে।সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, রুহুল কবির রিজভী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।