আজও হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ-পূর্ব সব ধরনের ক্রিকেটীয় হিসাব-নিকাশেই আজ বাংলাদেশের এগিয়ে থাকার কথা। তাই বলে বিশ্বকাপে অদ্যাবধি জয়শূন্য হল্যান্ডের বিপক্ষে আজ চট্টগ্রামে সেই এগিয়ে থাকার সূত্রে আমরা হেসেখেলে সহজ জয় তুলে নেব, এমন ভাবা ঠিক হবে না। না দলের, না সমর্থকদের।জয়টা অবশ্যই জরুরি। আমাদের ঘোষিত লক্ষ্যের পথে শেষ পর্যন্ত হাঁটতে হলে ‘বি’ গ্রপের পয়েন্ট তালিকায় আমাদের অবস্থানটা চার খেলায় ৪ থেকে পাঁচ খেলায় ৬-এ নিয়ে যেতেই হবে। আরও সামনে এগোনোর জন্য আজকের জয় অতি আবশ্যিক পূর্বশর্ত। সে কারণেই আজকের ম্যাচটাকে সেমিফাইনালের গুরুত্বে নিতে হবে। গ্রুপে অবস্থানগত পার্থক্যটাকে মোটেই বিবেচনায় নেওয়া যাবে না। ভাবা যাবে না আমরা শ্রেয়তর, আমরা জিতবই। ভাবতে হবে, আমাদের সামান্য ঢিলেমিরও ওরা সুযোগ নিতে সক্ষম। দুর্বল প্রতিপক্ষকে মোকাবিলা করার নির্ভারতা মনের কোনায় ঠাঁই দিলে খেসারত দিতে হবে। ক্রিকেট বড়ই শুদ্ধাচারী প্রথা। সুসময়ের সামান্য অসংলগ্ন আচরণ সহ্য করে না এর চরিত্র। মুখ ফিরিয়ে নেয়। বাংলাদেশকে আজ তাই নিয়মতান্ত্রিক যত্নশীল সাবধানী থাকতে হবে। মনে রাখতে হবে, প্রতিপক্ষ এ মুহূর্তে সাফল্য-বুভুক্ষু। কিছু একটা করার জন্য মরিয়া। মনে রাখতে হবে, ওদের দলে ডেসকাটের মতো ব্যাটসম্যান আছে, যাকে সংহত না রাখতে পারলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। মনে রাখতে হবে, সিলার নামের তরুণ বাঁহাতি স্পিনারটিকে, যে ব্যাটসম্যানদের বেপরোয়া হওয়ার অপেক্ষায় থাকে। মনে রাখতে হবে, বিশ্বকাপে কেউ ছেলেখেলা খেলতে আসে না।কিন্তু কথা হচ্ছে, আমি অমন দুর্বল সুরে কেন কথা বলছি। জানি, বাংলাদেশ এ মুহূর্তে অনেক সুসংহত, অনেক সাবধানী, অনেক শক্তিধর ও লক্ষ্যে নিবিষ্ট। আসল কথাগুলো বলছি নিজেকেই। বলছি নিজস্ব সংস্কার থেকে। সে সংস্কারকে ‘সু’ বা ‘কু’ যা ইচ্ছা বলতে পারেন। বলছি, যাতে পরে কথাগুলো না উচ্চারণ করার জন্য আফসোস না করতে হয়। বলছি, কারণ পরশু ভারতকে দেখলাম সুসময়ে সামান্য ঢিলেঢালা ভাব আনায়, ব্যাটিং পরিকল্পনায় অহেতুক উচ্চাকাঙ্ক্ষী পরিবর্তন আনায় কী কঠিন মূল্য দিতে হলো। আমাদের সপক্ষে সময় এলে আমরা সে সময়কে শেষাবধি অবশ্যই ধরে রাখব। আমাদের ক্রিকেটাররা খেলার ধারার দুঃসময়ে প্রতিভার চূড়ান্ত প্রয়োগে, মনোসংযোগের একাগ্রতায় সময়কে নিজেদের দিকে টেনে আনার ক্ষমতা প্রদর্শন করেছে। আজও কর্তব্য-কর্মে অটল থেকে দলীয় সংহতির অগ্নিবাসনা বাস্তবায়ন করে মিশিয়ে দেবে ৫৫ হাজার বর্গমাইল জোড়া জনতার আনন্দ মিছিলে। অন্তরাত্মার আওয়াজ শুনছি, ‘নিশিদিন ভরসা রাখিস/ ওরে মন হবেই হবে’। আজও হবে।