আজকের ঘটনার মূলে খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আজ সকাল থেকে চলা সহিংসতার ঘটনার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে দায়ী করেছেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত এসব ঘটনা ঘটিয়েছে। আজকের ঘটনার মূলে খালেদা জিয়া। সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই এসব হচ্ছে। রোডমার্চে বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলেছেন। আজ কি তার বহিঃপ্রকাশ ঘটানো হলো? খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনার নেতা-কর্মী ও সন্ত্রাসীদের এ ধরনের নির্দেশ দেওয়া ঠিক হচ্ছে না।’ বিরোধীদলীয় নেত্রীর প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ সারা দিন পাঁচটি গাড়ি পোড়ানো হয়েছে। রাজধানী ও সিলেটে দুজন নিহত হয়েছেন। তিনি খালেদা জিয়ার কাছে এর জবাব চান। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে চাচ্ছে।খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময় এলেই দেখা যাবে। এ ঘটনায় মামলা হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, মামলা অবশ্যই হবে।