আজকের দিনটি আমার কাছে শুধুই বেদনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের নিয়ে আজ টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠান হবে। দুপুরে একুশে টিভিতে ‘একুশের দুপুর’ এবং বিকেলে এনটিভিতে ‘জানার আছে বলার আছে’ অনুষ্ঠান দুটিতে অংশ নেবেন শহীদ বুদ্ধিজীবী রাশীদুল হাসানের মেয়ে সংগীতশিল্পী রোকাইয়া হাসিনা। কথা হলো তাঁর সঙ্গে।আজ টিভিতে যে অনুষ্ঠানগুলোতে অংশ নেবেন, সেগুলো নিয়ে বলুন।একুশে টিভির একুশের দুপুর এবং এনটিভির জানার আছে বলার আছে—দুটি অনুষ্ঠানই সরাসরি দেখানো হবে। যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়েছে। এ ব্যাপারে একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসেবে আমার ভাবনা নিয়ে কথা বলব। আমার বাবা রাশীদুল হাসান ছিলেন রবীন্দ্রসংগীতের দারুণ ভক্ত। তাঁর আগ্রহের কারণেই আমি রবীন্দ্রসংগীত শিখেছি। তাঁর খুব পছন্দের গান ছিল ‘সার্থক জনম আমার’। দুটি অনুষ্ঠানেই এই গানটি করব। মঞ্চের কোনো অনুষ্ঠানে গান করবেন?বিজয় দিবস সবার জন্য আনন্দের আর উৎসবের। কিন্তু আমার কাছে বেদনা আর হাহাকারের। বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে আজ গান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু যেতে পারছি না। আজকের দিনটি আমার কাছে শুধুই বেদনার। আপনার বাবা রাশীদুল হাসানকে যেদিন ধরে নিয়ে যায়, তখন আপনি কতটুকু ছিলেন?তখন আমার বয়স ছিল ১২ বছর। বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। ব্রিটিশ কাউন্সিলের উল্টো দিকে এখন যেটা ঈসা খাঁ সড়ক, তখন সেটা ছিল স্যাভেজ রোড। আমাদের বাসার নম্বর ছিল ২৮-ডি। বিল্ডিংটা একবারে জগন্নাথ হলের দেয়ালঘেঁষা। তাই ডিসেম্বরের শুরু থেকেই আমরা রাতের বেলাটা আনোয়ার চাচার (আনোয়ার পাশা) বাসায় (৩০-ই) থাকতাম। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর একটি বাস এসে কিছু লোক বাবা ও আনোয়ার চাচাকে ধরে নিয়ে যায়। একই সঙ্গে তারা মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরীকেও ধরে নিয়ে যায়। ২২ দিন পর, এখন যেখানে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সেখানে একটি খালের গর্ত থেকে আরও অনেকের সঙ্গে বাবার গলিত লাশ পাওয়া যায়।আপনার রবীন্দ্রসংগীতের চর্চার শুরুটা কীভাবে হয়েছিল?স্বাধীনতার আগে বাবা আমাকে ভর্তি করিয়ে দেন বুলবুল ললিতকলা একাডেমীতে। স্বাধীনতার পর ছায়ানটে গান শেখা শুরু করি। সেই থেকেই শুরু।