আজকের দিনটি শুধুই মায়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের দিনটি শুধুই মায়েদের। আজ যে বিশ্ব মা দিবস। সন্তানেরা তাই মাকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাবে। বিশেষ আবেগ নিয়ে আর মর্যাদা দিয়ে সারা বিশ্বে দিবসটি পালিত হবে।প্রায় দেড় শ বছর আগে যুক্তরাষ্ট্রে আনা জার্ভিস নামের এক নারী মায়েদের অনুপ্রাণিত করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্যসচেতন করে তুলতে উদ্যোগী হয়েছিলেন। এ কাজের মধ্য দিয়ে তিনি মায়েদের কর্মদিবসের সূচনা করেন। ১৯০৫ সালে আনা জার্ভিস মারা গেলে তাঁর মেয়ে আনা মারিয়া রিভস জার্ভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হন।১৯০৭ সালের এক রোববার আনা মারিয়া স্কুলের বক্তব্যে মায়ের জন্য একটি দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন। এভাবেই শুরু হয় মা দিবস পালন করা। বছর ঘুরে আজ রোববার ফিরে এসেছে সেই দিন।অবশ্য প্রাচীন গ্রিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মায়ের স্বীকৃতিতে নানা অনুষ্ঠানের রেওয়াজ ছিল বা আছে। বাংলাদেশে এ দিবসটি ঘটা করে পালন করার ইতিহাস খুব বেশি দিনের নয়। কিন্তু নাগরিক জীবনে দিনটি পালনের ক্ষেত্রে বেশি সাড়া মিলছে কয়েক বছর থেকে। মুঠোফোনের কল্যাণে দূরে থেকেও মায়ের সঙ্গে কথা বলে দিবস উদ্যাপনের ঘটা বাড়ছে ক্রমশ।মাকে উপযুক্ত সম্মানটুকু দেওয়ার বিষয়টিও মা দিবসে নতুন করে সামনে চলে আসছে। যদিও দিবস পালন করে নয়, মায়ের প্রতি ভালোবাসাই সন্তানকে টেনে নেয় মায়ের বুকে।বিশ্ব মা দিবস পালন উপলক্ষে প্রথম আলোর ঢাকা বন্ধুসভা আজ রাজধানীর ১৪টি স্কুলে বিশেষ কর্মসূচি নিয়েছে। সকাল সাতটা থেকে বন্ধুসভার সদস্যরা এই স্কুলগুলোয় প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের এবং অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে আরেক ধরনের কার্ড বিতরণ করবেন। এসব কার্ড দিয়ে প্রথম থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের মায়েদের ফুল বানিয়ে দেবে এবং অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের মায়েদের উপহারের বাক্স বানিয়ে দেবে।স্কুলগুলো হলো: আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইস্পাহানী বালিকা উচ্চবিদ্যালয়, অরণী বিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন উচ্চবিদ্যালয়, খিলগাঁও উচ্চবিদ্যালয়, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখা, বনানী বিদ্যানিকেতন এবং সানিডেল ও সানবিমের ধানমন্ডি শাখা।