আজকের দিনটিকে মনে রাখবে পাকিস্তান
পাকিস্তানের ইতিহাসে আজ ১৬ মার্চ ২০১৩ তারিখটি অনেক উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ। দেশটিতে আজ সড়ক দুর্ঘটনায় ২৪ সেনা প্রাণ হারিয়েছেন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বৃত্তদের কাছ থেকে ১০০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে, এ কারণে তারিখটি বিশেষ নয়। এসব দুর্ঘটনা, হত্যা, আগুন লাগানো, বোমাবাজি, ভিন্ন রাষ্ট্রের বোমা হামলা বা রাজনীতিকদের হঠকারিতা দেশটির নিত্যদিনের সঙ্গী। দিনটি বিশেষ এ কারণে যে, আজ জনগণের ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার তার মেয়াদ পূর্ণ করল।স্বাধীনতার ৬৫ বছর পেরিয়ে গেছে গত বছরের আগস্টে। এতগুলো বছরে দেশটি চলেছে কখনো অনির্বাচিত, কখনো নির্বাচিত আবার কখনো সামরিক উর্দিধারীদের শাসনে। গণতন্ত্র যেন দেশটির কাছে মরীচিকা। খালি খালি এর পেছনে ছোটা। স্বাধীনতার ১০ বছর পার হতে না হতেই দেশটি সামরিক শাসনের অধীনে চলে যায়। তবে এর চেয়ে মর্মান্তিক ঘটনা হলো, প্রথম দশকেই দেশটির প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ১৯৫১ সালে রাওয়ালপিন্ডিতে হত্যাকাণ্ডের শিকার হন। এরপর, পাকিস্তানের শাসকদের ইতিহাস রক্তরঞ্জিত ও পিচ্ছিল। স্বাধীনতার নয় বছর পর, ১৯৫৬ সালে দেশটির প্রথম সংবিধানের খসড়া তৈরি হয়। এর মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র পাকিস্তান ‘ইসলামিক প্রজাতন্ত্রে’ পরিণত হয়।পাকিস্তানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রথম দফায়, ১৯৮৮ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ১০ বছর দ্বিতীয় দফায় এবং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছর তৃতীয় দফায়। সামরিক সরকারগুলো প্রায় ৩১ বছর দেশটি শাসন করেছে। প্রথম দফা ১৯৫৮ থেকে ১৯৭১ সাল; দ্বিতীয় দফায় ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল এবং তৃতীয় দফায় ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত।একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের বিষয়টি পাকিস্তানিদের অধরা থেকে যায়। প্রথমে যে সংবিধানের খসড়া প্রণীত হয়েছিল, তা সামরিক শাসক বাতিল করে দেন। জেনারেল আইয়ুব খানের সামরিক সরকার ১৯৫৮ সালে ক্ষমতায় গিয়ে নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নেয়। সে সরকার ১৯৬২ সালে ‘মৌলিক গণতন্ত্র’ নামের এক বিশেষ সরকার কাঠামো তৈরি ও কার্যকর করার উদ্যোগ নেয়। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন অসম্ভব হয়ে যায়। এ সময়ে সীমিত আকারে গণতান্ত্রিক চর্চা শুরু হয়। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হলেও, দলটিকে ক্ষমতায় যেতে দেয়নি সামরিক সরকার। এর ফল হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। বাংলাদেশের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের পরাজয়, দেশটির সামরিক সরকারকে সীমিত সময়ের জন্য হলেও দূরে ঠেলে দেয়। ১৯৭২ সালে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি নির্বাচনে জিতে ক্ষমতায় যায়। নতুন সংবিধানও প্রণয়ন করে ভুট্টোর সরকার। দেশটি ‘সাংবিধানিক গণতন্ত্রের’ পথে চলা শুরু করে। নির্বাচিত সরকারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সরকার ১৯৭৭ সালে নির্বাচনের আয়োজন করে। নির্বাচনের পর বিরোধী দল ফল মেনে নিতে অস্বীকার করে আন্দোলন শুরু করে। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুযোগে আবারও ক্ষমতা হরণ করে সামরিক বাহিনী। ক্ষমতায় বসেন জেনারেল জিয়া-উল-হক।সামরিক সরকার ১৯৭৯ সালে ‘সরকারবিরোধী ষড়যন্ত্রের’ ছুতোয় ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এ সময়ই পাকিস্তান ‘ইসলামীকরণের’ পথে চলা শুরু করে। দেশটির দুর্নীতিবাজ সরকার নিজেদের দোষ ঢাকতে শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞানচর্চা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে ইসলামি রীতি-নীতি ও প্রথা চালুর জন্য উঠেপড়ে লাগে। এ সময়ই সরকার ও যুক্তরাষ্ট্রের মদদে আফগানিস্তানের নির্বাচিত সরকারকে হটাতে তালেবান ও আল-কায়েদার মতো জঙ্গি দলগুলো গড়ে ওঠে। অর্থ ও অস্ত্র দিয়ে পাকিস্তান নিজের শত্রুকে ঢেলে সাজায়। ১৯৮৮ সালে জেনারেল জিয়া-উল-হক বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর দেশটিতে আবারও গণতন্ত্রের সুবাতাস বয়ে যায় কিছু সময়ের জন্য। এ বছরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির নেতা বেনজির ভুট্টো বিপুল ভোটে জয়লাভ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেন। কিন্তু ১৯৯০ সালে প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান পার্লামেন্ট ভেঙে দেন। নির্বাচনের পর ইসলামি জামহোরি ইত্তেহাদ দলের নেতা নওয়াজ শরিফ ক্ষমতায় বসেন প্রধানমন্ত্রী হিসেবে। নওয়াজ শরিফের সরকার দেশের প্রচলিত আইন কাঠামোকে বাতিল করে ‘শরিয়া আইন’ চালু করে। জঙ্গি দমনে তাঁর সরকার করাচিতে অভিযান শুরু করে। কিন্তু জঙ্গি নয়, অভিযানের প্রধান লক্ষ্য হয় মুহাজির কওমি মুভমেন্ট নামের একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। দেশটি আবারও অস্থিতিশীল হয়ে পড়ে।১৯৯৩ সালে তিন বছরের মাথায় নওয়াজের দল ক্ষমতা হারায়। প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান সরকার ভেঙে দেন। নির্বাচনের পর আবারও ক্ষমতায় বসেন বেনজির ভুট্টো। ১৯৯৬ সালে এ সরকারকেও উত্খাত করা হয়। ১৯৯৭ সালে আবারও নওয়াজ শরিফ। এবার তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ। কিন্তু এ সরকার টেকে মাত্র দুই বছর। ১৯৯৯ সালে মুসলিম লিগ সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর সহায়তায় ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশাররফ। দেশটির সুপ্রিম কোর্ট এ সরকারকে অনুমোদন করেন এবং তিন বছর তাদের দেশ শাসনের ভার দেন। ২০০২ সালে সামরিক সরকার সাধারণ নির্বাচনের আয়োজন করে। বিতর্কিত সে নির্বাচনে যথারীতি পারভেজ মোশাররফের নেতৃত্বাধীন মুসলিম লিগ জয়লাভ করে। ২০০৭ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ক্ষমতায় ছিল মোশাররফের সরকার। এ সরকারই পাকিস্তানের ইতিহাসে প্রথম মেয়াদ পূর্ণ করে। দেশটিতে নতুন নির্বাচনের আয়োজন শুরু হয়। নির্বাচনী প্রচারাভিযান চালানোর সময় পিপলস পার্টির নেতা বেনজির ভুট্টো বোমা হামলায় নিহত হন। ২০০৮ সালের নির্বাচনে পিপলস পার্টি ক্ষমতায় বসে। প্রেসিডেন্ট হন আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ২০১২ সালে সুপ্রিম কোর্টের আদেশে ইউসুফ রাজা ক্ষমতা থেকে সরে দাঁড়ালে দলের আরেক নেতা রাজা পারভেজ আশরাফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।এ সরকার গত পাঁচ বছর পার্লামেন্টে মোট ১৩৪টি বিল পাস করেছে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সংবিধানের দুটো সংস্কার প্রস্তাব। এর মাধ্যমে ১৯৭৩ সালের সংবিধানের কিছু ধারা পুনঃপ্রবর্তন করা হয়। এর উদ্দেশ্য ছিল গণতন্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ নিশ্চিত ও নিষ্কণ্টক রাখতে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা। গত এক বছরে পাকিস্তানের নির্বাচিত সরকারকে হটাতে দেশি-বিদেশি চক্রের নানা তত্পরতা দেখা গেছে। কিন্তু এত কিছুর পরও দেশটির রাজনীতিকেরা একটি বিষয়ে একমত থেকেছেন যে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে হবে। জবাবদিহি ও স্বচ্ছতার বিষয়ও গুরুত্বপূর্ণ হিসেবে আলোচিত হচ্ছে। যদিও সরকার জবাবদিহি আইন এখনো পাস করতে পারেনি। তবুও দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার যখন পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে, তখন সেটিকে আশার আলো বলেই মনে হয়। হোক না তা টানেলের শেষ মাথায়। একদিন সে আলোয় হয়তো ভরবে পুরো দেশ।