অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেছেন, ‘১২ নভেম্বরের পর খালেদা জিয়া আইনগতভাবে সেনানিবাসের বাড়িতে থাকতে পারেন না। এর পরও থাকলে তিনি আদালত অবমাননা করবেন।’ গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত। উচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিলে ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি হবে।তবে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে তাঁর কক্ষে সাংবাদিকদের বলেছেন, খালেদার বাড়ির বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হবে।গত ১৩ অক্টোবর বাড়ি নিয়ে খালেদা জিয়ার রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট। এতে তাঁকে বাড়ি খালি করতে সরকার ও সংশ্লিষ্টদের কমপক্ষে ৩০ দিন সময় দিতে বলা হয়। এ সময়সীমা শেষ হচ্ছে আজ। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়েছে। এতে রায় স্থগিতের আবেদনও রয়েছে। সর্বশেষ ১০ নভেম্বর আপিল বিভাগ ২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। তবে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেননি।অ্যাটর্নি জেনারেলের সংবাদ ব্রিফিং: শুনানি মুলতবির আদেশের অনুলিপি পেয়ে অ্যাটর্নি জেনারেল গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়নি। আইনজীবীরা স্থগিতাদেশ চাননি। তাই সময়সীমা শেষে খালেদা জিয়া আইনগতভাবে ওই বাড়িতে থাকতে পারেন না। বাড়ি না ছাড়লে সরকার তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কী—জানতে চাইলে তিনি বলেন, সম্পত্তিটা সামরিক বাহিনীর। সামরিক বাহিনীর ভূমিকা কী হবে, তারাই স্থির করবে। তিনি বলেন, সরকার ব্যবস্থা নিলে তা আইনবহির্ভূত হবে না। তবে খালেদা জিয়ার স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দেবেন বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল আবেদন শুনানি মুলতবি অবস্থায় আছে। তাই সরকারের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া অনুচিত।শ্রমিক দলের আলোচনা সভা: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভা হয়। এতে খোন্দকার দেলোয়ার বলেন, ‘বিচারাধীন অবস্থায় খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করলে সেটি হবে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করবেন না।’ তিনি বলেন, ‘বিচারব্যবস্থা এত দিন তার সম্মান বজায় রেখেছে। আমরা আশা করব, আপনারাও সেই সম্মান রক্ষা করবেন।’শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সরোয়ার প্রমুখ।