আজকের পরীক্ষার নতুন তারিখ ২২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতালের কারণে আজ রোববার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আটটি সাধারণ বোর্ডের অধীন আজকের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ মে। এ ছাড়া মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা ৯ মে এবং কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম) পরীক্ষা ২ মে অনুষ্ঠিত হবে।গতকাল শনিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রথম আলোকে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে।বিএনপির নেতা ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে বিএনপি আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চলছে উৎকণ্ঠা। আগের সময়সূচি অনুযায়ী আজ আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস, সমরবিদ্যা (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), পরিসংখ্যান (তত্ত্বীয়), সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টিবিজ্ঞান (তত্ত্বীয়-রসায়ন), সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টিবিজ্ঞান (তত্ত্বীয়-জীববিজ্ঞান) এবং ও ক্রীড়া (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। আলিম পরীক্ষার বিষয়গুলোর মধ্যে আজ হওয়ার কথা ছিল আল-ফিকহ, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষা। কারিগরি বোর্ডের অধীনেও কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে স্থানীয় বিএনপির ডাকা হরতালের কারণে সিলেট বোর্ড ও কারিগরি বোর্ডের পরীক্ষা গত বৃহস্পতিবার স্থগিত করা হয়।