আজকের রাত, উৎসবের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা হয়েছিল কালবৈশাখীর আভাস দিয়ে। মিরপুরের সেই কালবৈশাখী ছিল বাংলাদেশের ঐতিহাসিক বীরত্বপূর্ণ জয়েরই যেন আভাস। বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কার ওপর দিয়ে বয়ে দিয়েছেন সেই ঝড়। এ জয়ে রাজধানী ঢাকা শহর মাতিয়ে দিয়েছেন উৎসবের রঙে। জয়ের জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা। সেই অপেক্ষার প্রহর শেষে বাংলাদেশ মেতেছে। আর সেই জয় উদযাপনে গাড়িতে নয় হেঁটে ছুটছেন সবাই। স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছে সড়ক মহাসড়ক। রাস্তায় মানুষের মুখে মুখে স্লোগান বাংলাদেশ, বাংলাদেশ। মিছিলে ছুটে চলা অনেকে হয়তো বুঝতে পারছে না অর্জনটা আসলে কি? কী অঘটন কিংবা কেমন অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশের সোনার ছেলেরা। কিন্তু তারা বুঝতে পেরেছেন কিছু একটা অর্জন করেছে বাংলাদেশ। সেটিকে উদযাপন করতে রাস্তায় নেমে পড়েছেন তারা। একে অপরকে জড়িয়ে ধরে প্রকাশ করছেন সেই আনন্দের। পুরো ঢাকার মানুষ ছুটছেন টিএসসির দিকে। তাদের স্লোগানে, উল্লাসে, আনন্দ নৃত্যে আজকের রাত হবে উৎসবের রাত।