আজকের সমাবেশ জামায়াত-শিবিরের
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বুধবারের সমাবেশ বিএনপি কিংবা ১৮ দলের নয়। এটা জামায়াত-শিবিরের সমাবেশ। এ সমাবেশ জনগণের অধিকারের দাবিতে করা হচ্ছে না। এ সমাবেশ করা হচ্ছে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে।’আজ বুধবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। ঢাকার সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে। বিরোধী দলকে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে এবং গণতন্ত্র, সংবিধান ও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অপপ্রয়াসে না গিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকারকে সহায়তা করুন।’ আশুলিয়া ও চট্টগ্রামের ঘটনাকে কিছু ক্ষমতালোভী অংশের চক্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘যারা রাজনীতি, অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের ষড়যন্ত্র মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার সাময়িক বিব্রত হলেও প্রকৃত দোষীদের অবশ্যই বিচার করা হবে।’ পোশাককর্মী সুমির বক্তব্য উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সুমির বক্তব্য থেকে প্রমাণিত হয়, আশুলিয়ার ঘটনা যত না দুর্ঘটনা তার চেয়ে বেশি নাশকতা, অন্তর্ঘাতমূলক, পরিকল্পিত ঘটনা। ক্ষমতালোভীরা বেপরোয়া হয়ে উঠেছে। এ কারণে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।’