আজকের হরতাল দুর্ভাগ্যজনক: সৈয়দ আশরাফ (ভিডিও)
ঐতিহাসিক সাতই মার্চে বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আজকের ঐতিহাসিক দিনে জামায়াতের বুদ্ধিতে ভেবে-চিন্তে হরতাল দিয়েছে বিএনপি। আজকের হরতাল দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।আজ বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর ভবনের সামনে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আশরাফ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। খবর বাসসের।সৈয়দ আশরাফ বলেন, ‘জামায়াতের ওপর বিএনপির এত বেশি নির্ভরশীলতা গণতন্ত্রের জন্য শুভ নয়। জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এরা সন্ত্রাসী দল।’বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসন করা সম্ভব। তিনি বলেন, ‘আজ হোক কাল হোক আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করতে হবে। আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু মাঝখানে জনগণ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দুঃখজনক।’সৈয়দ আশরাফ বলেন, ‘আনুষ্ঠানিক আলোচনা হয় পরে। তার আগে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে। যেটাকে বেগম খালেদা জিয়া “তলে তলে ষড়যন্ত্র” বলেন। খালেদা জিয়ার এ ধরনের কথা জাতির জন্য অশোভনীয়।’ তিনি বলেন, ‘সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, নির্বাচনের মাধ্যমে, অন্য কোনো পন্থায় নয়।’