আজম খানকে রোববার দুদকে তলব
রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও বর্তমানে দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুকের গাড়ির চালক আজম খানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী রোববার দুদক কার্যালয়ে হাজির হতে তাঁর বাড়ির ঠিকানায় আজ শুক্রবার চিঠি পাঠানো হয়েছে। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামে।৪ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে আজম খানের এক সাক্ষাত্কার প্রচার করা হয়। সেখানে তিনি বলেন, ‘টাকা তো সুরঞ্জিত সেনগুপ্তের বাড়িতে যাচ্ছিল। ওদিকে যাওয়ার পথেই আমি ঘটনা ঘটিয়ে ফেলি। এর আগেও কয়েকবার টাকা গেছে।’গত ৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জিগাতলা গেট দিয়ে একটি গাড়ি ভেতরে ঢুকে পড়ে। ওই গাড়ি ওমর ফারুকের আর চালাচ্ছিলেন আজম খান। গাড়ির যাত্রী ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, তাঁর নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক ও রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার। তাঁরা কেউ-ই এখন স্বপদে নেই।সাক্ষাত্কারে আজম খান দাবি করেন, রেলের নিয়োগের ৭৪ লাখ টাকা মন্ত্রীর বাড়িতেই নেওয়া হচ্ছিল। টাকা বস্তায় ভরে চালক তা নিজেই গাড়িতে তোলেন। ওমর ফারুক রেলের নিয়োগ-বাণিজ্য সিন্ডিকেটের মূল হোতা বলেও দাবি করেন আজম খান।আজম খানের দাবি, মন্ত্রীকে ১০ কোটি টাকা দিয়ে ৬০০ লোককে রেলে নিয়োগ দেওয়া হবে বলে তিনি গাড়িতে আলোচনা শুনেছেন। তাঁর দাবি, দোষটা করেছেন মন্ত্রী। এখন সরকারের ওপর সেটা চাপাতে চান। আজম এই দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি করেন। একই সঙ্গে তিনি এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট ব্যক্তিদের তদন্তকাজে সহায়তা করতে চান। কোনো দুর্নীতিবাজ যেন ছাড় না পায়—এমন দাবি জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে নিজের নিরাপত্তা চান। পালিয়ে বেড়ানো জীবনের অবসান ঘটিয়ে স্বজনদের কাছে ফিরতে চান। তবে গাড়িচালকের বক্তব্যের ব্যাপারে সুরঞ্জিত সেনগুপ্ত ৫ অক্টোবর আরটিভিকে বলেন, ‘না না, এসব ফালতু কথা। বোগাস স্টোরি। এগুলো মিডিয়ার কারবার। এত দিন পর আজম কোথা থেকে এল। আগে কেন আসেনি।’এদিকে আজম খানের বক্তব্য বিষয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেছিলেন, টেলিভিশনে প্রচারিত ওই ব্যক্তির বক্তব্য সাক্ষ্য আইনের আওতায় পড়ে না। তিনি বলেছিলেন, দুদকের যাবতীয় অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম সাক্ষ্য আইনের আওতায় হয়। যেসব সাক্ষ্যপ্রমাণ সাক্ষ্য আইনের বাইরে বা আদালতে গ্রহণযোগ্য নয়, তা দুদকের কাছেও গ্রহণযোগ্য নয়।