আজম খানের অবস্থা আশঙ্কাজনক
পপসম্রাট আজম খানের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর স্কয়ার হাসপাতালে কৃত্রিম উপায়ে তাঁর শ্বাস-প্রশ্বাস সচল (লাইফ সাপোর্ট) রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে ২২ মে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।স্কয়ার হাসপাতালের চিকিৎসক কামরুজ্জামান চৌধুরী গতকাল শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, আজম খানের রক্তচাপ ও হূৎস্পন্দন স্বাভাবিক আছে, তবে ফুসফুস পুরোপুরি কাজ করছে না।কামরুজ্জামান চৌধুরী বলেন, মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হয়ে আজম খান সিঙ্গাপুরে চিকিৎসা নেন। দেশে ফেরার দুই-তিন মাস পর হার্টের সমস্যা দেখা দিলে তাঁকে স্কয়ার হাসপাতালে আনা হয়। তখন পরীক্ষা করে দেখা যায়, হার্টেও ক্যানসার ছড়িয়ে পড়েছে। সিটি স্ক্যান পরীক্ষায় ফুসফুস ও হাড়ে ক্যানসার ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়।আজম খানের মেয়ে ইমা খান গত রাতে প্রথম আলোকে জানান, তাঁর বাবাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, এভাবে তাঁকে চার-পাঁচ দিন বাঁচিয়ে রাখা সম্ভব।আজম খানের অসুস্থতার খবর পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় হাসপাতালে যান শিল্পী আইয়ুব বাচ্চু। হাসপাতালের সিসিইউর সামনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আজম ভাই আমাকে না বলে এভাবে চলে যাবেন না। আমার বিশ্বাস, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’আজম খানকে দ্বিতীয় দফা চিকিৎসা দিতে গত বছরের ৭ নভেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁকে কেমোথেরাপি দেওয়া হয়। কথা ছিল, মোট ৩০টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও পাঁচটি কেমোথেরাপি তিনি নেবেন। কিন্তু ২১টি টমোথেরাপি ও একটি কেমোথেরাপি নেওয়ার পর ২৭ ডিসেম্বর আজম খান দেশে ফিরে আসেন।