আজম খানের গান গাইবে উচ্চারণ
গত বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পপগুরুখ্যাত সংগীতশিল্পী আজম খান আমাদের ছেড়ে চলে গেলেও রয়ে গেছে তাঁর প্রতিষ্ঠিত ব্যান্ডের দল উচ্চারণ। আরটিভির সাপ্তাহিক ফোনো-মিউজিক্যাল অনুষ্ঠান ‘ওয়ালটন ঘরে ঘরে উত্সব’-এ এবার গান করবে তাঁর প্রতিষ্ঠিত ব্যান্ডদলটি। উচ্চারণের বর্তমান সদস্যরা গাইবেন আজম খানের জনপ্রিয় সব গান।গানের পাশাপাশি দর্শকদের সঙ্গে সরাসরি সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্য ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নিয়েও কথা বলবেন তাঁরা।এ প্রসঙ্গে উচ্চারণ ব্যান্ডের ড্রামার তপু বলেন, ‘আজকের অনুষ্ঠানটি আমাদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা উচ্চারণ ব্যান্ডগুরু আজম খানকে শ্রদ্ধা জানাতে পারব। পাশাপাশি কয়েকটি ইংরেজি গানও করব। এ ছাড়া বেইজিংয়ে থাকাকালীন সময়ের নানা অভিজ্ঞতাও সবার সাথে ভাগাভাগি করব।’তপু আরও বলেন, ‘আজম খানের গান বাংলাদেশের সব মানুষেরই জানা। উচ্চারণের কাজই হচ্ছে আজম খানের গান বাংলার প্রতিটি ঘরে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়া। আমরা মূলত সে চেষ্টাই করে যাচ্ছি।’‘ওয়ালটন ঘরে ঘরে উত্সব’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সাইফ উদ্দিন। বুধবার রাত ১২টায় আরটিভিতে দেখানো হবে অনুষ্ঠানটি।