আজম খানের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তদন্ত দলের উচিত গাড়িচালক আজম খানকে জিজ্ঞাসাবাদ করা। তিনি আরও বলেন, আজম খানের নিরাপত্তা দেওয়া সরকার ও প্রশাসনের দায়িত্ব। তাঁরা তা পালন করবে। আজ শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সম্মিলিত সামাজিক আন্দোলনের এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সাবেক রেলমন্ত্রী ও বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। এই তদন্তকাজ সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া বা আরও নিরপেক্ষ ও সঠিক করার জন্য তদন্তকারী কর্মকর্তাদের আজম খানকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আজম খানেরও উচিত তদন্তকারী কর্মকর্তাদের সহায়তা করা। পাকিস্তানে বাংলাদেশ মডেলের সরকার উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির দেওয়া বক্তব্য সম্পর্কে ইনু বলেন, ‘পাকিস্তান ও আমাদের গণতন্ত্র এক নয়। পাকিস্তানের গণতন্ত্র হলো সামন্তবাদী, সমরবাদী ও তালেবানি, যার সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের কোনো মিল নেই।’তথ্যমন্ত্রী ইনু আরও বলেন, ‘তবে আমাদের দেশের গণতন্ত্রে সেনাবাহিনীর ছাপ ও আমলাতন্ত্রের আধিক্য রয়েছে।’ এ দুটি দেশের গণতন্ত্রকে এক করে দেখা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর কোনোভাবেই সঠিক নয় বলে মন্তব্য করেন ইনু। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র আর যা-ই হোক, অন্তত পাকিস্তানের গণতন্ত্রের চেয়ে ভালো আছে।’ গত ৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ একটি গাড়ি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জিগাতলা গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ওই গাড়িটি ওমর ফারুকের এবং এটি চালাচ্ছিলেন আজম খান। গাড়ির যাত্রী ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, তাঁর নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক ও রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার। তাঁরা কেউ এখন স্বপদে নেই।গাড়িচালক আজম খান গত বৃহস্পতিবার রাতে বেসরকারি টিভি চ্যানেল আরটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে দাবি করেন, রেলে নিয়োগ-বাণিজ্যের ৭৪ লাখ টাকা মন্ত্রীর বাড়িতেই নেওয়া হচ্ছিল। টাকা বস্তায় ভরে চালক তা নিজেই গাড়িতে তোলেন। ওমর ফারুক রেলের নিয়োগ-বাণিজ্য সিন্ডিকেটের মূল হোতা বলেও দাবি করেন আজম খান।