আজম খানের রক্ত চলাচল স্বাভাবিক, তবে শঙ্কামুক্ত নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খানের শরীরে রক্ত চলাচল ওষুধ ছাড়া স্বাভাবিকভাবেই হচ্ছে। গতকাল সোমবার রাত থেকে রক্ত চলাচলের জন্য দেওয়া ওষুধটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। আজম খানের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তাঁর চিকিত্সায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কামরুজ্জামান চৌধুরী (রেডিওলজিস্ট) আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে এ কথা জানান।কামরুজ্জামান চৌধুরী জানান, রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আজম খানকে প্রথম দিকে তিনটি করে ওষুধ দেওয়া হতো। গত রোববার থেকে সেটি একটিতে নামিয়ে আনা হয়। আজ সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজম খানের ফুসফুসের অবস্থার কোনো ধরনের উন্নতি হয়নি। তাই এখনো কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া চালানো হচ্ছে।গত শনিবার বিকেলে আজম খানকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর আগে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে আজম খানের হার্ট অ্যাটাক হয়। এরপর তাঁকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে রাখা হয়। শুক্রবার সকালের দিকে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। স্কয়ার হাসপাতাল তাঁর চিকিত্সার জন্য সাত সদস্যের চিকিত্সক বোর্ড গঠন করে।প্রসঙ্গত, ২২ মে আজম খান তাঁর বাঁ-হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ওই দিনই তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে আজম খানের মুখগহ্বরে-জিহ্বার নিচে ক্যানসার ধরা পড়ে। এরপর ১৪ জুলাই উন্নত চিকিত্সার জন্য শিল্পীদের সম্মিলিত উদ্যোগে পাঠানো হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তারপর ২০ জুলাই মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারের ইএনটি হেড-নেক সার্জন বিভাগের প্রধান অ্যান্ড্রু লয় হেং চেংয়ের তত্ত্বাবধানে আজম খানের মুখে সফল অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ ২৭ ডিসেম্বর ২০১০ সালে ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও একটি কেমোথেরাপি নেওয়ার পর কয়েকটি থেরাপি বাকি রেখেই দেশে ফিরে আসেন তিনি।