আজম দুদকে না এলে তিন বছরের দণ্ড
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খান আজ রোববার দুদকে হাজির হননি। সকাল থেকে দিনভর তাঁর অপেক্ষায় ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।এদিকে দুদকের ডাকে সাড়া না দেওয়ায় আজমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান। ‘আজম যদি না আসেন, তাহলে তাঁর তিন বছরের শাস্তি হবে।’ আজ সন্ধ্যায় দুদক কার্যালয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা জানান। চালক আজম খানের বক্তব্য নেওয়ার জন্য এ পর্যন্ত তাঁকে দুবার নোটিশ দেওয়া হয়। আজমের জন্য আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দুদকের তদন্ত দল। আজমের পরিবার থেকে দুদককে নিশ্চিত করা হয়েছিল, তাঁকে পাঠানো হবে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত আজম না পৌঁছায় দুদক থেকে তাঁর স্ত্রী ও এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তাঁরা দুদককে জানান, আজম কোথায় আছেন তাঁরা তা জানেন না। তাঁরা তদন্ত দলকে আরও জানান, ‘আজমের নিরাপত্তা কে দেবে? আজম সাবেক মন্ত্রীর ঘুষ কেলেঙ্কারির বিষয়ে মিডিয়ার কাছে তথ্য দিয়েছে অজ্ঞাত স্থান থেকে।’ দুদকের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য যদি কাউকে ডাকা হয় এবং তিনি যদি সাড়া না দেন, তাহলে সে জন্য আইনে যে ব্যবস্থা আছে, তা-ই গ্রহণ করা হবে।’ আইনি ব্যবস্থা প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান বলেন, ‘জিজ্ঞাসাবাদে হাজির না হলে মামলায় তিন বছরের শাস্তির কথা আইনে উল্লেখ আছে। আমরা তাঁর (আজম খান) প্রতি নমনীয় থাকতে চাই। মানবিক দিকটা প্রথমে বিবেচনা করতে চাই। তিনি যদি দুদকে আসতে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাঁর নিরাপত্তার জন্য বলব।’ আবার তলব করে নোটিশ পাঠানো হবে কি না—এ প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘আজম দুদকের ডাকে সাড়া না দিলে আমরা শিগগির একটা ব্যবস্থা নেব। এর জন্য খুব বেশি দেরি করা যাবে না।’এদিকে সন্ধ্যায় দুদকের বিশেষ একজন অনুসন্ধান কর্মকর্তা আলাদাভাবে সাংবাদিকদের জানান, আজমের পরিচিত লোক দিয়েই তাঁকে নিয়ে আসা হচ্ছে।সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে অজ্ঞাত স্থান থেকে সাক্ষাত্কার দেন আজম খান। ওই সাক্ষাত্কারে তিনি বলেন, ৯ এপ্রিল রাতে গাড়িতে বস্তাভর্তি টাকা মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাচ্ছিল। চলতি বছরের ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে, সুরঞ্জিতের এপিএস ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। এ সময় গাড়িতে পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং রেল পুলিশের কমান্ড্যান্ট এনামুল হকও ছিলেন। ওই ঘটনার পর থেকে আলোচিত এই গাড়িচালক পলাতক।