স্কুলশিক্ষক জয়ন্তী রেজা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত স্বামী আজম রেজার আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার সকালে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এই খারিজাদেশ দেন। আদালতের এ আদেশের ফলে আজম রেজাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল থাকল। আজম রেজার পক্ষে আইনজীবী বদরুল হক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মুবিন মামলা পরিচালনা করেন।জানা যায়, ২০০০ সালের ১০ মার্চ আজম রেজার সঙ্গে বিয়ে হয় জয়ন্তীর। বনানীর ৭ নম্বর রোডের জি-ব্লকের ৪১ নম্বর বাড়িতে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা ও স্থপতি জয়ন্তী রেজা ২০০৪ সালে ৯ জানুয়ারি নিহত হন। এ ব্যাপারে প্রথমে নিহতের স্বামী আজম রেজা থানায় একটি মামলা করেন। পরে নিহতের ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ায় নিহতের মা লুসিন সাদেকীন গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার রায়ে ২০০৫ সালের ১৪ জানুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আজম রেজাকে মৃত্যুদণ্ড দেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি শেষে ২০০৮ সালের ২১ জুলাই হাইকোর্ট আজমকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেন।এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আজম রেজা আপিল বিভাগে আবেদন করেন। পাশাপাশি জয়ন্তীর পক্ষ থেকে মৃত্যুদণ্ড বহাল রাখার জন আপিল বিভাগে আপিল করা হয়। আজ রোববার সকালে আদালত দুটি আপিল আবেদনই খারিজ করে দেন।রায়ের প্রতিক্রিয়ায় জয়ন্তীর বোন স্বাতী প্রথম আলোকে বলেন, নিষ্ঠুর ও নির্মমভাবে জয়ন্তীকে হত্যা করা হয়েছে। নির্মম এ হত্যাকাণ্ডের শাস্তি যাবজ্জীবন হতে পারে না।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মুবিন বলেন, ‘পৃথক দুটি লিভ টু আপিল খারিজ করে দেওয়া হয়েছে। ফলে আজমকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা বহাল রইল।’