স্কুলশিক্ষিকা জয়ন্তী রেজা হত্যা মামলায় স্বামী আজম রেজার আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত চার বিচারপতির বেঞ্চ এটি খারিজ করেন। পাশাপাশি নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখতে সরকারপক্ষের করা আবেদনও খারিজ করেছেন আদালত। এর ফলে আজম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ই বহাল রইল। গতকাল শুনানি শেষে আদালত বেলা ১১টায় দেওয়া আদেশে বলেন, আবেদন দুটি খারিজ (ডিসমিসড) করা হলো। আদালতে আজম রেজার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে বদরুল হক। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মুবিন, সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান ও ফজিলাতুন্নেছা বাপ্পী। এস এম মুবিন প্রথম আলোকে বলেন, আইনানুযায়ী আসামিদের সাজা নির্ধারণের ব্যাপারে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে। হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে আজম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আপিল বিভাগ ওই রায়ে হস্তক্ষেপ করেননি, লিভ টু আপিল দুটি খারিজ করে দিয়েছেন। ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকল। আজম রেজার কৌঁসুলি এ কে বদরুল হক প্রথম আলোকে বলেন, আজম রেজার লিভ টু আপিল এবং সরকারের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তিনি বলেন, পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ আছে। তবে আদেশের অনুলিপি পাওয়ার পর ও আবেদনকারী পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আদেশের প্রতিক্রিয়ায় নিহত জয়ন্তীর ছোট বোন স্বাতী মাহবুব বলেন, জয়ন্তীকে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার শাস্তি যাবজ্জীবন কাম্য নয়। তাঁর সন্তান তূর্য একটি কষ্ট নিয়ে বড় হচ্ছে। এ কষ্টের উত্তর কি যাবজ্জীবন? হত্যা ও নিম্ন আদালতের রায়: ২০০৪ সালের ৯ জানুয়ারি আজম রেজার বনানীর ৭ নম্বর রোডের জি ব্লকের ৪১ নম্বর বাড়িতে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা ও স্থপতি জয়ন্তীর মৃত্যু হয়। তিনি সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মরহুম এম সাদেকীনের মেয়ে। এ ঘটনায় জয়ন্তীর মা লুসিন সাদেকীন মেয়েকে হত্যার অভিযোগ এনে ১০ জানুয়ারি গুলশান থানায় আজম রেজার বিরুদ্ধে মামলা করেন। ওই দিনই আজম গ্রেপ্তার হন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ২০০৫ সালের ১৪ জানুয়ারি এ মামলার রায়ে আজম রেজাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। হাইকোর্টের রায়: নিম্ন আদালতের রায়ের প্রায় তিন বছর পর হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে আজম রেজার আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি শুরু হয়। ২০০৮ সালের ২১ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে আজম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত সূত্র জানায়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন আজম রেজা। অন্যদিকে সরকারপক্ষ থেকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার জন্য আবেদন করা হয়। গত বৃহস্পতিবার ও গতকাল আবেদন দুটির ওপর শুনানি শেষে আদালত আবেদন দুটি খারিজের আদেশ দেন।