আজমকে কস্মিনকালে দেখিনি, চিনিও না
রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় নিজেকে আবারও নির্দোষ দাবি করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, ‘আমি নিষ্পাপ, আমি নিষ্কলঙ্ক। আমার বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। ছয় মাস আগে ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে আজগুবি গল্প হাজির করেছিল। সেই ষড়যন্ত্রকারীরা আবার সরব হয়েছে। এখন নতুন গল্পের অবতারণা করা হচ্ছে।’সাবেক এই রেলমন্ত্রী আরও বলেছেন, ‘কোথাকার কোন আজম, আমি তাঁকে কস্মিনকালেও দেখিনি, চিনিও না। এখন তাঁকে দিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। সবই ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র। নতুন করে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে।’ আজ শনিবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।রেলের বহুল আলোচিত অর্থ কেলেঙ্কারির ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুকের গাড়িচালক আজম খান বলেছেন, ‘টাকা তো সুরঞ্জিত সেনগুপ্তের বাড়িতে যাচ্ছিল। ওদিকে যাওয়ার পথেই আমি ঘটনা ঘটিয়ে ফেলি। এর আগেও কয়েকবার টাকা গেছে।’ বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন। ৫০ বছরের রাজনৈতিক জীবনে তাঁকে কখনো দুর্নীতি স্পর্শ করতে পারেনি দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি ছয় মাস আগেই রাজনৈতিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বলেছিলাম, আমি নির্দোষ প্রমাণিত না হলে রাজনীতিতে ফিরব না। বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার সংবেদনশীল মন সেটি বুঝেছিল। তিনি আমার পদত্যাগপত্র গ্রহণ করেননি। পরে সরকারি-বেসরকারি তদন্তে সব মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি আবার রাজনীতিতে ও মানুষের মাঝে ফিরে এসেছি।’ ষড়যন্ত্রকারীদের উদ্দেশে চ্যালেঞ্জ দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘জাতীয়-আন্তর্জাতিক, সরকারি-বেসরকারি, আইনি—যেকোনো তদন্ত হোক, আমি বারবার নির্দোষ প্রমাণিত হয়ে মানুষের মাঝে ফিরে আসব।’ তিনি বলেন, ‘মিডিয়া আমার বিরুদ্ধে সেদিন নিষ্ঠুরভাবে লিখেছে, প্রচার করেছে। আমরা যারা রাজনীতি করি, তাদের চামড়া গন্ডারের মতো। সবকিছুই সইতে হয় আমাদের। দুই দিন ধরে আবার মিডিয়া আমার পেছনে ঘুরছে। আমি বুঝি, তারা কী জানতে চায়। আমি ঢাকায় গিয়ে সব পরিষ্কার করব।’দপ্তরবিহীন মন্ত্রীর পদ সম্পর্কে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, ‘এ নিয়েও নানা কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে। যারা রাজনীতি-গণতন্ত্রের খবর রাখে না, তারাই এসব নিয়ে সমালোচনা করে। নেহেরুও দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন।’গত ৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ একটি গাড়ি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জিগাতলা গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। গাড়িটি ওমর ফারুকের আর সেটি চালাচ্ছিলেন আজম খান। গাড়ির যাত্রী ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, তাঁর নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক ও রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার। তাঁরা কেউই এখন স্বপদে নেই।আজম খান দাবি করেন, রেলে নিয়োগ-বাণিজ্যের ৭৪ লাখ টাকা মন্ত্রীর বাড়িতেই নেওয়া হচ্ছিল। টাকা বস্তায় ভরে চালক তা নিজেই গাড়িতে তোলেন। ওমর ফারুক রেলের নিয়োগ-বাণিজ্য সিন্ডিকেটের মূল হোতা বলেও দাবি করেন আজম খান।সুরঞ্জিত সেনগুপ্ত আজ সকালে তিন দিনের সফরে তাঁর নির্বাচনী এলাকা দিরাইয়ে আসেন। এরপর দিনভর তিনি বিভিন্ন এলাকায় ঘোরেন। কর্মী-সমর্থক, এলাকাবাসীর সঙ্গে দেখা করেন। তিনটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও দুটি রাস্তার উদ্বোধন করেন। তিনি কখনো স্পিডবোটে, কখনো মোটরসাইকেলে, কখনো হেঁটে হাওর অধ্যুষিত দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে দেখা করেন। বেসরকারি টেলিভিশনে দেওয়া আজম খানের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। বিকেলে জনসভা শুরু হলে তাঁর এক কর্মী কয়েকটি জাতীয় পত্রিকা নিয়ে মঞ্চে তাঁর হাতে দেন। এরপর তিনি বক্তব্য দিতে উঠেই রেলের অর্থ কেলেঙ্কারি, আজম খান, তাঁর সাবেক এপিএস ফারুককে নিয়ে বক্তব্য দেন। সমাবেশে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন প্রমুখ।