আজমকে সুবিধামতো স্থানে জিজ্ঞাসাবাদ করবে দুদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, গাড়িচালক আজম খানকে তাঁর সুবিধামতো জায়গায় জিজ্ঞাসাবাদ করা হবে। আজ সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইনের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বলেন, তদন্ত আর পদ্মা সেতুর বাস্তবায়ন একই সঙ্গে চলবে বলে গোল্ডস্টেইন যে বক্তব্য দিয়েছেন, এতে তাঁরা খুশি। তিনি বলেন, বিশ্বব্যাংক যেভাবে চাইবে, সেভাবেই পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে তদন্ত হবে। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের গাড়িচালক আজম খান সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে অজ্ঞাত স্থান থেকে সাক্ষাত্কার দেন। ওই সাক্ষাত্কারে তিনি বলেন, ৯ এপ্রিল রাতে গাড়িতে বস্তাভর্তি টাকা মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাচ্ছিল। চলতি বছরের ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। এ সময় গাড়িতে পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও রেল পুলিশের কমান্ড্যান্ট এনামুল হকও ছিলেন। ওই ঘটনার পর থেকে আলোচিত এই গাড়িচালক পলাতক।