আজমত ভাইয়ের জন্য ভোট চাইতে এসেছি : আইভী
গাজীপুরের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খানের জন্য আজ মঙ্গলবার ভোট চাইতে এসেছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ সময় তাঁকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে সাধারণ মানুষ। আইভি তাদের উদ্দেশে বলেন, ‘আমি আমার সহকর্মী আজমত ভাইয়ের জন্য ভোট চাইতে এসেছি। আপনারা তাঁকে ভোট দেবেন।’ দলের সমর্থন না পেয়েও ২০১১ সালে শামীম ওসমানকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। সে সময় পুরো দেশের সব মানুষের কাছে আলোচিত হয়ে ওঠেন তিনি। আজ বিকেলে তিনি আজমত উল্লা খানের নির্বাচনী প্রচারে আসেন। এ সময় তিনি শিল্প-অধ্যুষিত কোনাবাড়ী ও কলেজ গেট এলাকায় ঘুরে বেড়ান। আইভীকে দেখে ওই এলাকার হাজারো পোশাকশ্রমিক ও সাধারণ মানুষ সেখানে ছুটে যায়।আইভী প্রচারণায় এসেছেন—এ কথা শুনে তাঁকে দেখতে আসেন মুদি দোকানদার আকমল হোসেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘আইভী আপাকে দেশের সব মানুষ চেনে। তিনি গাজীপুরে এসে আমাদের ধন্য করেছেন। তাঁর কথার দাম আছে। কাজেই তিনি যা বলবেন আমরা তা-ই ভাবব।’কলেজগেট এলাকার বাসিন্দা মাজেদ মিয়া জানান, আইভীকে দেখতে হাজার হাজার মানুষ এসেছিল। মনে হয়েছিল তিনি যেন একজন তারকা।কোনাবাড়ির যেখানেই আইভী গেছেন সেখানেই মানুষ তাঁকে এক নজর দেখতে ছুটেছে। সন্ধ্যায় তিনি কোনাবাড়ী এলাকায় আজমত উল্লা খানের সঙ্গে একটি পথসভায়ও যোগ দেন। এ সময় তিনি বলেন, ‘আজমত উল্লা একজন সত্ মানুষ। তিনি দীর্ঘদিন টঙ্গীর মেয়র ছিলেন। মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ছিলেন। এমন একজন যোগ্য মানুষকে আপনারা গাজীপুরের মেয়র নির্বাচিত করুন।’গাজীপুরে এসেই কোনাবাড়ী শ্রমিক এলাকায় যাওয়ার কারণ জানতে চাইলে সেলিনা হায়াত প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার বাবা ছিলেন শ্রমিকনেতা। শ্রমিকরা আমার ভাই, আমি তো তাদেরই লোক। তাই এখানে এসেই তাদের সঙ্গে দেখা করতে এসেছি। তারা আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে আমি তাতে আপ্লুত।’