আজমপুর রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে হিউম্যান হলারের সংঘর্ষে একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার আজমপুর রেলক্রসিংয়ে আজ শনিবার রাতে চলন্ত ট্রেনের সঙ্গে একটি হিউম্যান হলারের সংঘর্ষ হয়েছে। এতে হিউম্যান হলারের এক যাত্রী আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি রেলওয়ে থানা সূত্র জানায়, আজ রাত সাড়ে আটটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনের সঙ্গে আজমপুর রেলক্রসিংয়ে হিউম্যান হলার-লেগুনা’র সংঘর্ষ হয়। এতে লেগুনার এক যাত্রী আহত হন। স্থানীয়রা ওই যাত্রীকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ট্রেনের ধাক্কায় হিউম্যান হলারটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যোগাযোগ করা হলে ঘটনা তদন্তকারী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মেসবাহ-উল-আলম প্রথম আলোকে জানান, ট্রেন আসার আগেই রেলওয়ের কর্তব্যরত কর্মী রেলক্রসিংয়ে বেরিকেড দণ্ড ফেলে দেয়। কিন্তু লেগুনার চালকের সহকারী দণ্ড উপরে তুলে ধরলে এর নিচ দিয়ে চালক লেগুনাটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। পথচারীরা ‘ট্রেন’ ‘ট্রেন’ চিত্কার দিলে যাত্রীরা সবাই দ্রুত নেমে সরে পড়ে। এ সময় এক যাত্রী নেমে নিরাপদে আশ্রয় যাওয়ার সময় আহত হন। তার পরিচয় পাওয়া যায়নি। এর আগেই চালক ও চালকের সহকারী পালিয়ে যায়। চলন্ত ট্রেনটি রেলক্রসিংয়ে থাকা লেগুনাকে সজোড়ে ধাক্কা দিলে এটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় কেউ মারা যাননি।