আজমিরে জারদারির প্রতিশ্রুত অর্থ দান
অবশেষে দীর্ঘ তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের নাটকীয়তার পর খাজা মাঈনুদ্দিন চিশতির (র.) দরগায় প্রতিশ্রুত ১০ লাখ ডলার দান করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। গতকাল শুক্রবার জারদারির প্রতিশ্রুত এ অর্থ পেয়েছেন দরগাসংশ্লিষ্ট ব্যক্তিরা। জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।প্রেসিডেন্টের পক্ষে পাকিস্তানের হাই কমিশনার সালমান বশীর গতকাল শুক্রবার আজমির শরিফের দরগা কর্তৃপক্ষকে এক মিলিয়ন ডলারের চেক হস্তান্তর করেছেন।প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে ৪০ জন সফরসঙ্গীসহ ব্যক্তিগত এক সফরে ভারত এসেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ভারতে এসে তিনি আজমির শরিফ সফরের সময় এক লাখ ডলার দান করার ঘোষণা দিয়েছিলেন।জারদারির দেওয়া অর্থ পেতে দরগার সেবামূলক কাজের জন্য পরিচিত আঞ্জুমান সায়িদ জাদগান, আঞ্জুমান ইয়াদগার ও দরগা কমিটির সদস্যরা পাকিস্তানের হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, জারদারির দেওয়া অর্থের মধ্যে তিন কোটি রুপি পাবে আঞ্জুমান সায়িদ জাদগান, এক কোটি পাবে আঞ্জুমান ইয়াদগার ও এক কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ৯০৫ রুপি পাবে দরগা কমিটি।