আজমিরের এক নির্যাতিত নারী
অর্থের জন্য স্বামী বিক্রি করে দেন তাঁকে। সেখানে আরেক পুরুষের হাতে নির্যাতিত হন তিনি। তিন মাস আটকে রেখে ধর্ষণ করা হয় তাঁকে। অবশেষে ছাড়া পেলে প্রকাশ্যে আবার তাঁকে মুখে চুনকালি মেখে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এতেও টু শব্দটি করেনি গ্রামীণ পঞ্চায়েত ও পুলিশ। এখন ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন ভারতের রাজস্থান রাজ্যের আজমির এলাকার সংখ্যালঘু ওই মুসলিম নারী।চক্ষু সজল ওই নারী দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘থানায় অভিযোগের ১৫ দিনেও পুলিশ কিছুই করেনি। অন্যদিকে ওই লোকগুলো আমাকে হন্যে হয়ে খুঁজছে। আমি তাদের হাত থেকে বাঁচার জন্য আত্মগোপন করে আছি। যদিও স্থানীয় পুলিশ সুপার রাজেশ মিনা তাঁর নিরাপত্তা ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।’নির্যাতিত ওই নারী আরও জানান, তাঁর দুই বছর বয়সী মেয়েকে বিয়ে দেওয়ার কথা বলে নিয়ে গেছে তাঁর স্বামী। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় ২৪ জনের বিরুদ্ধে যৌতুকের মাধ্যমে হয়রানি, ধর্ষণ ও তাঁকে বিক্রির অভিযোগে মামলা দায়ের করেছেন।২০০৬ সালের আজমিরের বিউয়ার এলাকার প্রত্যন্ত গুনডা কা বালা গ্রামের সাবিরের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তিনি বলেন, ‘শ্বশুরবাড়ির লোকজন আমার ওপর শারীরিক নির্যাতন চালায়। সাবির নতুন ব্যবসা শুরু করবে—এমন অজুহাতে আমাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দেয়।’অশ্রুসিক্ত ওই নারী বলেন, ‘গত ১২ জুন আমার স্বামী আমাকে স্থানীয় আজাদের কাছে বিক্রি করে দেয়। আজাদ আমাকে একটি ঘরে আটকে রেখে তিন মাস ধরে শারীরিক নির্যাতন চালায়। অবশেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমাকে স্বামীর কাছে ফেরত দেয়।’ তিনি আরও বলেন, ‘তারা একটি পঞ্চায়েত ডেকে আমাকে চরিত্রহীন আখ্যায়িত করে আমার মুখে চুনকালি মেখে দেয় এবং আমার চুল কেটে দেয়। এতেই ক্ষান্ত হয়নি তারা। তারা আমার কাছ থেকে আমার দুই বছরের মেয়েকে ছিনিয়ে নেয়।’ তিনি বলেন, ‘তিন মাসের নির্যাতনে আমি অন্তঃসত্ত্বা হই। তারা জোর করে আমার গর্ভপাত ঘটায়। আমি এই ঘটনার বিচার চাই।’