নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের কার্যালয়ে গত বুধবার অভিযান চালিয়ে আটক করা তাঁর গাড়ির চালকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র্যাব। এদিকে র্যাবের অভিযানের আট ঘণ্টা পরই আজমেরীর ‘টর্চার সেল’ (নির্যাতনকেন্দ্র) আবার চালু করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। শহরের পুরোনো কোর্টে অবস্থিত র্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির এএসপি রবিউল হক জানান, আজমেরী ওসমানের গাড়ির দুই চালক জমশের হোসেন (৩২) ও শিপন (২৮) এবং নিরাপত্তা প্রহরী শুক্কুর আলীকে আটকের পর শহরের পুরোনো কোর্টে অবস্থিত র্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বুধবার রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তা ছাড়া আজমেরীর ‘টর্চার সেল’ থেকে উদ্ধার হওয়া আলামত যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে গণমাধ্যমে অনেক কিছু প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমশের, শিপন ও শুক্কুর ছাড়া পাওয়ার পর বুধবার রাত ১০টায় আবার আজমেরীর ‘টর্চার সেল’ খুলে বসেন। রাতে মোটরসাইকেল ও প্রাইভেট কারে অজ্ঞাত পরিচয়ের যুবকদের আনাগোনা করতেও দেখা যায়। ‘উইনার ফ্যাশনস’ নামের ‘টর্চার সেলের’ পাশেই আবাসিক ভবন দেওয়ান মঞ্জিলে আজমেরীর একটি ফ্ল্যাট রয়েছে। ঈদের দিন সকাল সাতটার দিকে আজমেরীকে দেওয়ান মঞ্জিল থেকে কয়েকটি লাগেজ নিয়ে একটি ছাই রঙের ব্যক্তিগত গাড়িতে উঠে যেতে দেখা যায়। পরদিন শনিবার বিকেলে আজমেরী তাঁর বাবার সাংসদ পদের শুল্ক সুবিধায় পাওয়া জিপ টয়োটা ল্যান্ড ক্রুজারে চড়ে নগরের প্রধান প্রধান সড়কে আগের মতোই গাড়িবহর নিয়ে মহড়া দিয়েছেন। রাতে আজমেরীর ‘টর্চার সেল’ থেকে দফায় দফায় ফাঁকা গুলির শব্দ শুনে এলাকাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়। বুধবারের অভিযানকালে র্যাব আজমেরীর টর্চার সেলের দেয়ালে ও কর্নার শোকেসে গুলির চিহ্ন দেখতে পায়। মাদক সেবন করে তিনি দেয়াল ও শোকেস লক্ষ্য করে গুলি ছোড়েন বলে জানা গেছে। আজমেরীর টর্চার সেলে উইনার ফ্যাশন নামের যে বায়িং হাউস রয়েছে, সেটি মূলত পরিচালনা করেন আজমেরীর আরেক চাচা বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এ কে এম সেলিম ওসমান। গতকাল রোববার বিকেলে র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, বিষয়গুলো সম্পর্কে র্যাব প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে। নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, শামীম ওসমান ও আজমেরী ওসমানকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, যাতে তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন। গত বুধবার দুপুরে শহরের আল্লামা ইকবাল রোডে আজমেরীর মালিকানাধীন উইনার ফ্যাশনসে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে র্যাব একটি রক্তমাখা আকাশি রঙের জিনস প্যান্ট, দুটি লাঠি, নাইলনের রক্তমাখা রশি, বেশ কিছু সিসি টিভি ক্যামেরা, এলসিডি মনিটর, গুলির চিহ্ন থাকা একটি কর্নার শোকেস, একটি সোফা, পিস্তলের বাঁটের ভাঙা অংশ, দুটি টেঁটা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আজমেরী ওসমানের গাড়ির দুজন চালক ও নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়।