আজহার-আমিনীকে হাইকোর্টে হাজির হতে হবে
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম ও ইসলামী ঐক্যজোট নেতা মুফতি ফজলুল হক আমিনীকে হাইকোর্টে হাজির হতে হবে। দুই নেতাকে হাজির হতে দেওয়া হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করেননি। আজ মঙ্গলবার হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে দুই নেতার পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ (কোনো আদেশ নয়) দেন। আদালতের আগের নির্দেশ অনুসারে, আগামী ২ আগস্ট ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এবং ৮ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের হাইকোর্টে হাজির হওয়ার কথা আছে। রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, হাজির হতে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে এই দুই নেতার পক্ষে আবেদন করা হয়। চেম্বার বিচারপতি কোনো আদেশ দেননি। তিনি ‘নো অর্ডার’ দিয়েছেন। তাই তাঁদের ধার্য তারিখে হাজির হতে হবে। সংবিধান নিয়ে কটাক্ষপূর্ণ বক্তব্যের বিষয়ে মুফতি আমিনীকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্ট ২০ জুলাই নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা অনুসারে তাঁর ২৭ জুলাই হাজির হওয়ার কথা ছিল। কিন্তু নোটিশ জারি না হওয়ায় ২৪ জুলাই হাজিরের দিন পুনর্নির্ধারণের আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত ২ আগস্ট তাঁর হাজিরের দিন ধার্য করেন।সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নিজদলীয় সরকারের অধীন নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় বলে জামায়াত নেতা এ টি এম আজহার মন্তব্য করেন। এ বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী ৮ আগস্ট সকালে তাঁকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন আদালত।