আজহারুলের জামিন আবেদন খারিজ
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের জামিন আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন।আদেশে ট্রাইব্যুনাল বলেন, ‘তাঁর (এ টি এম আজহারুল) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুয়ায়ী, জামিনের কোনো বিধান নেই।’তবে আসামির চিকিৎসার সুবিধার্থে কোনো ধরনের গাফিলতি না করার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় আজহারুল ইসলাম আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২২ আগস্ট এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই দিন বেলা দুইটার দিকে রমনা থানার পুলিশ তাঁকে বড় মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করে। ২৩ আগস্ট আজহারুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিন আবেদনের বিষয়ে আদেশের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল।