আজহারের বক্তব্য নিয়ে আজ আদেশ হয়নি
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের দেওয়া বক্তব্যে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আজ মঙ্গলবার আদেশ হয়নি। এ ব্যাপারে ২৪ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিনটি ধার্য করেছেন।এ ব্যাপারে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুলের আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, রুল জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এ বিষয়ে আদালত ২৪ আগস্ট আদালত আদেশ দেবেন।এর আগে ৯ আগস্ট আজহারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সুপ্রিম কোর্টের নিবন্ধককে রুলের জবাব দিতে বলা হয়। মগবাজারের দলীয় কার্যালয়ে গত ১৯ জুলাই এক সংবাদ সম্মেলনে আজহার বলেন, ‘আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।’ তাঁর এই বক্তব্য আদালত অবমাননার শামিল—এমন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম অহিদুজ্জামান হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ২৫ জুলাই আদালত রুল জারি করেন এবং আজহারুলকে ৮ আগস্ট হাজির হতে নির্দেশ দেন। ধার্য তারিখে তিনি আদালতে হাজির হন। তাঁর পক্ষে ইতিপূর্বে জারি করা রুল প্রত্যাহারের আবেদন জানানো হয়। ৯ আগস্ট রিট আবেদনকারীর পক্ষে সম্পূরক আবেদন দাখিল করা হয়। এতে ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না—এ মর্মে রুল জারির আরজি জানানো হয়। আদালত শুনানি শেষে রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও আজহারুলের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক মামলা পরিচালনা করেন।