আজহারের বক্তব্য: প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আদালতের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত নিয়ে অমর্যাদাকর বক্তব্য দেওয়ায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আদালত স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকার পুলিশ কমিশনার ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন। একই সঙ্গে এ বিষয়ে আদালত ১৬ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন। তবে ওই দিন আজহারকে আদালতে হাজির হতে হবে না।ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারির জন্য সম্পূরক আবেদন জমা দিয়ে আজ রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে অংশ নেন। তবে এ আবেদন যথাযথ হয়নি বলে শুনানিতে উল্লেখ করেন এ টি এম আজহারের আইনজীবী আবদুর রাজ্জাক। আদালত শুনানি নিয়ে রুল জারি করেন। মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আদালত ১৬ আগস্ট রুল শুনানির দিন ধার্য করেন। ওই দিন সব বিষয়ে শুনানির পর আদেশ হবে। তবে আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা রুল প্রত্যাহারের আবেদন জানিয়েছিলাম। এ বিষয়ে ১৬ আগস্ট আদেশ দেবেন আদালত। ওই দিন আজহারকে হাজির হতে হবে না।’ আদালত নিয়ে মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানাতে গত ২৫ জুলাই এই জামায়াত নেতাকে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে নির্দেশনা অনুসারে গতকাল তিনি হাইকোর্টে হাজির হন। আজ এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল।প্রসঙ্গত, মগবাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজহার বলেছিলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল—এমন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. অহিদুজ্জামান একটি আবেদন করেন।