আজহারের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার প্রধান সানাউল হক আজ রোববার এ কথা জানিয়েছেন।তদন্ত সংস্থার প্রধান সানাউল হকের নেতৃত্বে ১০ সদস্যের দল আজ রংপুরের সার্কিট হাউসে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সমমনা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। জামায়াত নেতা আজহারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ তদন্তে দলটি তিন দিনের সফরে রংপুরে গেছে। দলটির সদস্যরা রংপুরের বদরগঞ্জ উপজেলা, রংপুরের দমদমা, লাহিড়ীরহাট, দখিগঞ্জ বধ্যভূমি এলাকা পরিদর্শন করবেন। আহাজারের বিরুদ্ধে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে।তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম ১৯৭১ সালে রংপুর কারমাইকেল কলেজের ছাত্র এবং ওই সময় ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। যুদ্ধের সময় খুনসহ নানা অপকর্মে জড়িত থাকার ব্যাপারে তদন্তে প্রমাণ পাওয়া গেছে। আগামী দুই মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে বিচার শুরু করা সম্ভব হবে বলে তিনি মতবিনিময় সভায় জানান।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার আট উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলের নেতা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।