আজহারের বিরুদ্ধে পরবর্তী অগ্রগতি প্রতিবেদন দাখিল ৮ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে। পরবর্তী অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ৮ মে তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তারিখ ধার্য করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নুরজাহান মুক্তা আজহারের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে বলেন, বৃহত্তর রংপুর ও এর আশপাশের এলাকায় আজহারের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অনেক তথ্য-উপাত্ত মিলছে। তদন্তে নতুন অনেক তথ্য বেরিয়ে আসছে। কৌঁসুলি এ সময় মানবতাবিরোধী অপরাধে আজহারের জড়িত থাকার বিভিন্ন ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরেন। একপর্যায়ে কৌঁসুলি সুষ্ঠু তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের কাছে আরও সময়ের আরজি জানান। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি অগ্রগতি প্রতিবেদন দিয়েছেন, কিন্তু কোথাও সময় চেয়ে আবেদন করেননি। তাহলে কি ট্রাইব্যুনাল ধরে নেবে আপনারা সময়ের আবেদন করেছেন?’ পরে আজহারের বিরুদ্ধে পরবর্তী তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল ওই তারিখে পরবর্তী অগ্রগতি প্রতিবেদন অথবা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার কথা বলেন।গত বছরের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ টি এম আজহারকে গ্রেপ্তার করা হয়।