আজহারের মন্তব্য: হাইকোর্টের আদেশ কাল
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে।আজ সোমবার বেলা একটায় উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন। তবে আগামীকাল আজহারকে হাজির হতে হবে না বলে আদালত উল্লেখ করেছেন।আদালত নিয়ে মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানাতে গত ২৫ জুলাই এই জামায়াত নেতাকে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে নির্দেশনা অনুসারে আজ সকাল সাড়ে ১০টায় এ টি এম আজহারুল ইসলাম হাইকোর্টে হাজির হন। বেলা ১১টার দিকে আবেদনের ওপর শুনানি শুরু হয়। আদালতে তাঁর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে অংশ নেন।বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত শুনানি হয়। শুনানিকালে এ টি এম আজহার আদালতের প্রশ্নের জবাব দেন।শুনানিতে আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ১৯ জুলাই মগবাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেওয়া আজহারুলের বক্তব্য বিভ্রান্তিমূলক। এতে আদালতের ভাবমূর্তি ও সম্মান নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং জনমনে বিরূপ ধারণা হতে পারে।আজহারের আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, এ টি এম আজহার যে বক্তব্য দিয়েছেন, তা আদালত অবমাননাকর নয়। আদালতের বিচারিক এখতিয়ার নিয়েও তিনি প্রশ্ন তোলেন।তবে এর বিরোধিতা করে মাহবুবে আলম বলেন, আদালতের এ ধরনের রুল জারির ক্ষমতা আছে। সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুসারে আদালত বিষয়টি বিবেচনায় নিতে পারেন।প্রসঙ্গত, মগবাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজহার বলেছিলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল—এমন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. অহিদুজ্জামান একটি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ টি এম আজহারকে তাঁর দেওয়া বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানাতে আজ সকালে আদালতে হাজির হতে নির্দেশ দেন। একই সঙ্গে আজহারের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেন আদালত।