বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এ কে আজাদ-মো. জসিম উদ্দিন পরিষদ। ২৮টি পরিচালক পদের মধ্যে এ প্যানেলের ২১ জন জয়ী হয়েছেন। আর প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো থেকে সাতজন জয়লাভ করেছেন।নিয়ম অনুযায়ী, বিজয়ী ২৮ জন এবং ইতিমধ্যে মনোনীত ১৫ জন পরিচালকসহ মোট ৪৩ জন মিলে আজ সোমবার সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এ কে আজাদ সভাপতি ও মো. জসিম উদ্দিন প্রথম সহসভাপতি হতে পারেন বলে মনে করা হচ্ছে। আর সহসভাপতি পদে নজিবর রহমান, মনোয়ারা হাকিম আলী, নাগিবুল ইসলাম দিপু ও মো. মমতাজ উদ্দিনের নাম শোনা যাচ্ছে।গতকাল রোববার এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বরিশাল চেম্বারের মনোনীত পরিচালকের কাউকে নির্বাচন করা হয়নি। এ পদের নির্বাচন স্থগিত রয়েছে। ফলে ৪৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ৪৩ জন পরিচালকের ভোটে সভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনী বোর্ড গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছে। ফলাফল অনুযায়ী, চেম্বার গ্রুপের ১৪ জন প্রার্থীর মধ্যে আজাদ-জসিম প্যানেলের ১৩ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপের ১৪টি পদে আটজন এ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, আবু আলম চৌধুরীর প্যানেল থেকে অ্যাসোসিয়েশন গ্রুপে ছয়জন এবং দেওয়ান সুলতান আহমেদের প্যানেল থেকে চেম্বার গ্রুপে একজন জয়ী হয়েছেন।এর আগে গত শনিবার দেশের বেসরকারি খাতের শীর্ষ এই সংগঠনের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় ৯১ শতাংশ ভোট পড়েছে।রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আজ সোমবার বিকেল চারটায় সভাপতি ও দুজন সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পদে নির্বাচনে আগ্রহীদের আজই মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়ন-ফি সভাপতি পদের জন্য পাঁচ লাখ টাকা, প্রথম সহসভাপতি পদের জন্য তিন লাখ টাকা ও সহসভাপতি পদের জন্য দুই লাখ টাকা।নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সর্বাধিক ৭১৯ ভোট পেয়েছেন আজাদ-জসিম প্যানেলের প্রার্থী বাংলাদেশ সাব কন্ট্রাকটিং শিল্প মালিক অ্যাসোসিয়েশনের মীর নিজাম উদ্দিন আহমেদ। চেম্বার গ্রুপ থেকে একই প্যানেলের বগুড়া চেম্বারের মো. মমতাজ উদ্দিন সর্বাধিক ৩০০ ভোট পেয়েছেন। তবে, প্রতিদ্বন্দ্বী প্যানেলের নেতা ক্রাফট অ্যান্ড গিফটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আবু আলম চৌধুরী ৬৭৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। আরও দুটি প্যানেল নেতা এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. দেলোয়ার হোসেন বিজয়ী হতে পারেননি।নির্বাচন কমিশনের ফলাফল অনুসারে, এ কে আজাদ-মো. জসিম উদ্দিন পরিষদের চেম্বার গ্রুপের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন—রংপুর চেম্বারের মোস্তফা আজাদ চৌধুরী বাবু (২৯১), ফরিদপুর চেম্বারের আহমেদ জামাল (২৭৭), নওগাঁ চেম্বারের আলহাজ শামসুল হক (২৭৩), সুনামগঞ্জ চেম্বারের নূরুল হুদা মুকুট (২৬৬), কিশোরগঞ্জ চেম্বারের আবদুস শহীদ (২৫১), লালমনিরহাট চেম্বারের সিরাজুল হক (২৪৫), মাদারীপুর চেম্বারের জালাল উদ্দিন আহমেদ (২৪৪), চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মনোয়ারা হাকিম আলী (২৩৮), চাঁদপুর চেম্বারের জাহাঙ্গীর আকন্দ সেলিম (২২৪), রাজবাড়ী চেম্বারের নজিবর রহমান (২১৯), পটুয়াখালী চেম্বারের গোলাম মোস্তফা তালুকদার (২০৭) এবং নেত্রকোনা চেম্বারের নাগিবুল ইসলাম দিপু (২০৪)। বাকি একটি পদে বিজয়ী হয়েছেন ময়মনসিংহ চেম্বারের আমিনুল হক। তাঁর প্রাপ্ত ভোট ২১৭।আজাদ-জসিম প্যানেলে অ্যাসোসিয়েশন গ্রুপের বিজয়ীরা হলেন—বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির মো. জসিম উদ্দিন (৭১২), বাংলাদেশ রেস্তরাঁ মালিক সমিতির খন্দকার রুহুল আমিন (৬২৪), বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির আবদুর রাজ্জাক (৫৮৯), বাংলাদেশ গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিক্স মিলস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের হারুন উর রশীদ (৫৮৮), মেইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হেলাল উদ্দিন (৫৬৩), বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির কে এম আকতারুজ্জামান (৫৩৯) এবং কালি প্রস্তুতকারক মালিক সমিতির এম এ মোমেন (৫০১)। অন্যদিকে, আবু আলম চৌধুরীর নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদের বিজয়ী অন্যরা হলেন—বাংলাদেশ সুইং থ্রেড ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আবদুল হক (৬০৮), বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের ওবায়দুর রহমান (৫৯৮), বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির মোহাম্মদ জালাল উদ্দিন (৫৪৯), বাংলাদেশ জুয়েলারি ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মো. আনোয়ার হোসেন (৫২৬) এবং বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির মো. রাব্বানী জব্বার (৫১৭)।