আজাদ পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কাল সভাপতি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে এ কে আজাদ-মো. জসিমউদ্দিন পরিষদ। ২৮টি পরিচালক পদের মধ্যে এ প্যানেলের ২১ জন জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো থেকে মোট সাতজন জয়লাভ করেছেন। নির্বাচনী বোর্ড আজ রোববার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।বিজয়ী ২৮ জন এবং এরই মধ্যে মনোনীত ১৬ জন পরিচালকসহ মোট ৪৪ জন মিলে কাল সোমবার সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে বিকেল চারটায় সভাপতি ও দুজন সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পদে নির্বাচনে আগ্রহীদের আজই মননোয়নপত্র দাখিল করতে হবে।ফলাফল অনুযায়ী চেম্বার গ্রুপের ১৪ জন প্রার্থীর মধ্যে আজাদ-জসিম প্যানেলের ১৩ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপের ১৪টি পদে আটজন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আবু আলম চৌধুরীর প্যানেল থেকে অ্যাসোসিয়েশন গ্রুপে ছয়জন এবং দেওয়ান সুলতান আহমেদের প্যানেল থেকে চেম্বার গ্রুপে একজন জয়ী হয়েছেন।এর আগে গতকাল শনিবার দেশের বেসরকারি খাতের শীর্ষ এই সংগঠনের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় ৯১ শতাংশ ভোট পড়েছে।নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সর্বাধিক ৭১৯ ভোট পেয়েছেন আজাদ-জসিম প্যানেলের প্রার্থী বাংলাদেশ সাব কন্ট্রাক্টিং শিল্প মালিক অ্যাসোসিয়েশনের মীর নিজাম উদ্দিন আহমেদ। চেম্বার গ্রুপ থেকে একই প্যানেলের বগুড়া চেম্বারের মো. মমতাজউদ্দিন সর্বাধিক ৩০০ ভোট পেয়েছেন। তবে প্রতিদ্বন্দ্বী প্যানেলের নেতা ক্রাফট অ্যান্ড গিফটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আবু আলম চৌধুরী ৬৭৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।আরও দুটি প্যানেলের নেতা এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. দেলোয়ার হোসেন বিজয়ী হতে পারেননি।