আজিজ মার্কেটে ছাত্রীকে মারধর সড়ক অবরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক ছাত্রীকে লাঞ্ছিত করার জের ধরে আজিজ সুপার মার্কেটের এক কর্মচারীকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে গতকাল রোববার আজিজ মার্কেটের কর্মচারীরা রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করেন। এ সময় এক পুলিশ কনস্টেবল আহত হন। শাহবাগ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক ছাত্রী শাহবাগের আজিজ সুপার মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন। এ সময় নবাবী ফ্যাশনের বিক্রয়কর্মী আসিফ রায়হান ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও লাঞ্ছিত করেন। একপযার্য়ে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রী আসিফকে চড় মারেন। এরপর মার্কেটের কর্মীরা ওই ছাত্রীকে মারধর করেন। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান। কর্মচারীরা ছাত্রীটির ছবি মুঠোফোনে ধারণ করেন। গতকাল সকালে ক্যাম্পাসে এ খবর ছড়িয়ে পড়লে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা আজিজ মার্কেটে গিয়ে আসিফকে ক্যাম্পাস তুলে নিয়ে যান এবং বেদম প্রহার করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। আহত আসিফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শাহবাগ থানায় রাখা হয়। আসিফকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে মার্কেটের সামনে দোকানিরা রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে চারুকলার ছাত্ররা আবার সেখানে গেলে তাঁদের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মার্কেটের কর্মচারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল মান্নানের মাথায় ইটের আঘাত লাগে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ছাত্রী লাঞ্ছনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক কর্মচারীকে নিয়ে যান। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাত সাড়ে নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।