আজিজ মার্কেটের সামনে থালা হাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা
দলের চেয়ে দেশ বড়, হরতাল বন্ধ করো’—রাজধানীর শাহবাগে চিরচেনা আজিজ সুপার মার্কেটের সামনের সড়কে মানববন্ধনে আজ সোমবার বিকেলে স্লোগান দিচ্ছিলেন শ খানেক ক্ষুদ্র ব্যবসায়ী। প্রত্যেকের হাতে মাটির থালা। সেটি ভিক্ষার প্রতীক। তবে তাঁরা কেউ ভিক্ষুক নন। তাঁরা সবাই আজিজ মার্কেটের কোনো না কোনো দোকানের স্বত্বাধিকারী। হরতালের কারণে ব্যবসার লোকসান ও নিজেদের ক্ষতির কথা এভাবেই জানালেন তাঁরা। স্লোগানেই থেমে থাকেননি, হরতালে মন্দা ব্যবসার কারণে অভিযোগগুলো গগনবিদারী চিত্কার করে বলছিলেন তাঁরা। আজিজ মার্কেটের নক্ষত্র ফ্যাশন হাউস নামের একটি বস্ত্রালয়ের কর্ণধার শামীম আহসান ভেজা চোখে প্রথম আলো ডটকমকে বলেন, ‘কয়েক মাস ধরে হরতাল তো লাগাতার চলছে। আমাদের ব্যবসা নেই বললেই চলে। সামনে পয়লা বৈশাখ। বছরের এই দিনটি সামনে রেখে আমরা ব্যবসার লক্ষ্য নিয়ে থাকি। এ জন্য এবার ২৫ লাখ টাকার মালামাল দোকানে তুলেছিলাম। কিন্তু বিক্রি করেছি মাত্র সাড়ে তিন লাখ টাকার। এখন নিজের টিকে থাকা তো দূরের কথা, দোকানের কর্মচারীদের বেতন কীভাবে দেব, তাই চিন্তা করছি।’একই কথা বললেন আরশির স্বত্বাধিকারী শাহীন আলম। তিনি বলেন, ‘পয়লা বৈশাখ আসতে আর মাত্র পাঁচ দিন বাকি। সারা বছর এই দিন সামনে রেখে আমরা ব্যবসার পরিকল্পনা করে থাকি। কিন্তু এবার কিছুই হয়নি। ১৫ লাখ টাকার বিভিন্ন ধরনের তৈরি পোশাক শোরুমে পড়ে আছে। আর তাই উপায়হীন হয়ে রাস্তায় নেমে এসেছি। বেঁচে থাকার কথা বলছি।’মানববন্ধনে ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, তাঁরা এই হরতালের জন্য বিএনপির বিরোধিতা করছেন না। এভাবে আওয়ামী লীগও হরতাল করেছে। তাঁরা আরও জানান, বড় বড় ব্যবসায়ী সংগঠনগুলো তো তাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তাদের লাভ-ক্ষতির কিছু যায়-আসে না। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দিলেও তারা চলতে পারে। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা ঠিকমতো ঋণ শোধ না করলে পুলিশ তাঁদের কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যায়। মানববন্ধনে আইন প্রণয়ন করে হরতাল বন্ধ, নির্বাচনী ইশতেহারে হরতাল না করার অঙ্গীকার, হরতালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণের সুদ ও কিস্তি মওকুফ এবং রাত ১০টা পর্যন্ত প্রতিদিন ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান খোলা রাখার দাবি জানানো হয়।