আজিজা ইদরিসের মৃত্যুতে শোক
উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রী আজিজা ইদরিসের মৃত্যুতে বিশিষ্ট রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা আজ রোববার গভীর শোক প্রকাশ করেছেন।এক শোকবাণীতে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মোহাম্মদ ইদু ও সাধারণ সম্পাদক হাবিবুল আলম বলেন, আজিজা ইদরিস ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা। নারী সমাজের অধিকার আদায়ে তাঁর অগ্রণী ভূমিকা ছিল। তাঁরা বলেন, আজিজার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।আজিজা ইদরিস বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ প্রয়াত কাজী মোহাম্মদ ইদরিসের স্ত্রী এবং মহিলা পরিষদ ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেত্রী ছিলেন।আজিজা ইদরিস আজ ভোরে বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি তিন ছেলে, তিন মেয়ে, অসংখ্য বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন রেখে যান। আজ বাদ আসর ইস্কাটন গার্ডেন জামে মসজিদে জানাজা শেষে তাঁর লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়।—বাসস