আজিমপুর কবরস্থানে দিনভর স্বজনহারাদের আসা-যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকসানা বেগম দোকান থেকে চিনি আনতে ফরমায়েশ করেছিলেন ছেলে রাহাতকে। ১২ বছরের রাহাত বিকেলে ক্রিকেট খেলে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ছোট বোন রেবাকে দুই টাকা দেওয়ার কথা বলে পাঠিয়ে ছিল দোকানে। চিনি আনতে গিয়ে রেবা আর ফেরেনি। পরের দিন সকালে মিটফোর্ড হাসপাতাল থেকে আট বছরের রেবার দগ্ধ লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকানে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে রেবা। রেবাকে দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে। গতকাল শনিবার পড়ন্ত বিকেলে রোকসানা বেগম, স্বামী জাহাঙ্গীর আলম, ছেলে রাহাত ও ভাই পবন আহমেদকে নিয়ে মেয়ের কবর দেখতে গিয়েছিলেন। তখন এক হূদয়বিদারক দৃশ্য। রাহাত বলল, ‘এমন জানলে আমি বোনকে পাঠাতাম না। আমি নিজেই যেতাম।’ রোকসানা বেগম জানান, শুরুতে তাঁরা ভেবেছিলেন মেয়েটি আতঙ্কে দিক হারিয়ে ফেলেছে। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। অবশেষে সকালে মিটফোর্ড হাসপাতালে গিয়ে পেয়েছেন মেয়ের লাশ। কথা বলতে গিয়ে রোকসানা বেগম ঢুকরে কেঁদে ওঠেন, ‘আমি কেন আমার আদরের ধনকে বাইরে পাঠালাম।’ শুধু এই একটি ঘটনাই নয়। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজিমপুর কবরস্থানে এ রকম মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হয়েছে। দিনভরই ছিল মৃতদের স্বজন ও সমব্যথীদের আসা-যাওয়া। কৈলাশ ঘোষ লেনের মাজেদা বেগম মেয়ে রেশমাকে নিয়ে এসেছিলেন ১১ স্বজনের কবর দেখতে। কবরস্থানের উত্তর ফটকের পশ্চিম পাশে এক সারিতে দাফন করা হয়েছে একই পরিবারের ১১ জনকে। মাজেদা বেগম জানালেন, এই পরিবারের তিন ভাই বেঁচে আছে। কিন্তু তাদের স্ত্রী, পুত্র, কন্যা, মা, চাচি সবাই মারা গেছে। এই পরিবারের ছোট বউয়ের নাম নাসরিন মিনু। ১১ জনের মধ্যে তিনিও চিরশায়িত। নাসরিনের দুই পাশে কবর দেওয়া হয়েছে তাঁর যমজ সন্তান সৌরভ ও শাবাবকে। তাদের কবরের পাশে বিষণ্ন মুখে বসে ছিলেন নাসরিনের ভাগ্নে শুভ। তিনি জানালেন, ঘটনার সময় তিনি অদূরেই ছিলেন। কাছে গিয়ে দেখেন খালার বাড়িটি পুড়ছে। কিন্তু কিছুই করার ছিল না তাঁর। শেষ হয়ে গেল পরিবারটি।