আজীবন সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্র্যাব) পক্ষ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।ট্র্যাব এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে ২৩ এপ্রিল সোমবার। রেজওয়ানা চৌধুরী বন্যা (সংগীত) ছাড়াও ২০১১ সালে চলচ্চিত্র ও টেলিভিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী আনোয়ারা (চলচ্চিত্র) ও নাট্যজন ইনামুল হক (টিভি)।ট্র্যাবের সাধারণ সম্পাদক সুহূদ জাহাঙ্গীর জানিয়েছেন, নীল সাগর এগ্রো পরিবেশিত ‘এইমওয়ে-ট্র্যাব অ্যাওয়ার্ড ২০১১’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে। অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রিয় তারকাশিল্পী ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম হামিদ, এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী, মুক্তিযোদ্ধা সাংবাদিক পরিষদের মহাসচিব এন এ করিম বিদ্যুত্ চৌধুরী, এইমওয়ে করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ রানা, নীল সাগর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আহসান হাবিব লেলিন, আইসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এইচ এন এম শফিকুর রহমান প্রমুখ।